যুবলীগ নেতাদের ক্যাসিনো কেলেঙ্কারির পর নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়ার অপকর্মের ঘটনায় সংগঠনটির শীর্ষ নেতৃত্বের ওপর চটেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পাপিয়ার মতো ব্যক্তিকে পদ দেওয়ায় যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিলকে ভর্ৎসনা করেছেন তিনি। সংগঠন পরিচালনায় তারা দুজন ব্যর্থ বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে যুব মহিলা লীগের শীর্ষ এই দুই নেতা সাক্ষাৎ করতে গেলে পাপিয়া প্রসঙ্গে আলোচনাকালে তিনি এসব ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এ সময় গণভবনে উপস্থিত এক কর্মকর্তা দেশ রূপান্তরকে এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, নাজমা আক্তার ও অপু উকিলকে দ্রুত যুব মহিলা লীগের সম্মেলনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। শেখ হাসিনাকে উদ্ধৃত করে ওই কর্মকর্তা বলেন, ‘আমি রাতদিন পরিশ্রম করি। আর আমার সংগঠনের নেতারাই অর্জন মøান করে। এই পাপিয়াদের কারা বানায় আমি তাদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিব। যুব মহিলা লীগের দুই নেতা দাবি করেন পাপিয়া সম্পর্কে আমরা জানতাম না। প্রধানমন্ত্রী বলেন, তাহলে নেতা হলো কীভাবে? তিনি বলেন, আমার কাছে সব তথ্য আছে। সবাই সাবধান হও। শেখ হাসিনা বলেন, সংগঠনের সর্বস্তরে যাচাই-বাছাই করো। কত পাপিয়া আছে। খুঁজে বের করে দল থেকে বহিষ্কার করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এ প্রসঙ্গে জানতে চাইলে অপু উকিল দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছি। তার নির্দেশনা নিয়েছি। নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব।’ তিনি বলেন, ‘সংগঠনের সর্বস্তরে বিতর্কিত আরও কারা আছে তাদের সম্পর্কে খোঁজ নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এবং তাদেরকে দল থেকে বের করে দিতে বলেছেন।’ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটি ভেঙে দিতে কি প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এই প্রশ্নে অপু উকিল বলেন, ‘না। তা বলেনি।’