রূপগঞ্জে আহত ২০

তাবলিগের সাদ ও জোবায়ের পন্থিদের সংঘর্ষ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তাবলিগ জামাত নিয়ে মতবিরোধকে কেন্দ্র করে তাবলিগের সাদপন্থি ও জোবায়েরপন্থিদের দু’পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় ঘটে এ ঘটনা। এ ঘটনায় দুপক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ চার কিলোমিটার যানজটের সৃষ্টি হলে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, তাবলিগ জামাতের সাদপন্থিদের সঙ্গে জোবায়েরপন্থিদের তাবলিগের বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলে আসছে। বুধবার রাত ৮টার দিকে সাদপন্থির সদস্যরা বিশ্বরোড জামে মসজিদে তাবলিগ জামাত নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। এসময় স্থানীয় জোবায়েরপন্থির সদস্যরা এসে সাদপন্থিদের বিশ্বরোড জামে মসজিদে তাবলিগের আলোচনা করতে নিষেধ করেন। পরে বাগ্বিত-ার এক পর্যায়ে দুপক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এসময় তারা একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। দুপক্ষই বিশ্বরোড মসজিদে ব্যাপক ভাঙচুর চালায়। এক পর্যায়ে বিশ্বরোড এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষের ঘটনায় সাদপন্থিদের মহিউদ্দিন, ওমর ফারুক, শাহীন মিয়া এবং জোবায়েরপন্থিদের মোশারফ হোসেন, নূরে আলম, তারেক মিয়া, আল-আমিন, আব্দুল আওয়াল, আবু ইউসূফ, আজিম উদ্দিন, সোলেইমান, আল-আমিন-২, ইব্রাহিম, তারেক, আরিফুল ইসলাম, সাজ্জাদ হোসেন, জাকির হোসেন, মাসুদ আহমেদ, হোসাইফাসহ অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা যায়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের যানজট এবং সংঘর্ষ পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ধাওয়া দিয়ে দুপক্ষকে ছত্রভঙ্গ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে দু’পক্ষের সদস্যদের সঙ্গে যোগযোগ করা হলে দুপক্ষই একে অপরকে ঘটনার জন্য দোষারোপ করেন।