সাধারণত মাতৃগর্ভে নির্দিষ্ট সময়ের চেয়ে কিছু আগে অর্থাৎ ৩৭ সপ্তাহের আগে জন্মগ্রহণ করা এবং ওজন অত্যন্ত কম হওয়া শিশুদের অপরিণত শিশু হিসেবে গণ্য করা হয়। এ শিশুদের অনেক সময় চোখ ও কানের সমস্যা দেখা দেয়। সঠিক সময়ে এদের পরীক্ষা করলে এবং সমস্যা চিহ্নিত করে সঠিক চিকিৎসা করালে অনেক সময় সমস্যা সমাধান করা যায়।
অপরিণত শিশু জন্মের সম্ভাব্য
কিছু কারণ
মায়ের পুষ্টিহীনতা, বাল্যবিবাহ, সাধারণত একটি শিশুর জন্মের দু’বছর পার হওয়ার আগেই আর একটি শিশু জন্ম হলে, মা স্থূলকায় হলে, ডায়াবেটিস আক্রান্ত হলে, হাইপারটেনশন থাকলে, গর্ভাবস্থায় মা একলাম্পশিয়ায় (খিঁচুনি) ভুগলে, গর্ভাবস্থায় অতিরিক্ত রান্না বা কাপড় ধোয়ার কাজ করলে, অ্যাজমা, গর্ভকালীন অবস্থায় পানি আগে ভাঙলে, গর্ভাবস্থায় রক্তপাত হলে, হঠাৎ পড়ে গেলে, ধূমপান বা তামাক গ্রহণ করলে, মায়ের রক্তশূন্যতা ইত্যাদি কারণে সন্তান অপরিণত হয়ে জন্মায়
করণীয়
কিশোরী গর্ভবতী হলে অপরিণত বয়সের শিশু জন্মানোর ঝুঁকি থাকে। পরিবার-পরিকল্পনা পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ঘন ঘন গর্ভধারণ কমানো সম্ভব। কমপক্ষে দু’বছর পর সন্তান নিলে ঝুঁকি এড়ানো যায়। হবু মায়ের সঠিক যত্ন নেওয়া, সময়মতো ক্লিনিকে চেকআপ এবং নিরাপদ ডেলিভারি অপরিণত শিশু জন্মদান কমাতে সাহায্য করে।
বাংলাদেশসহ বিশ্বব্যাপী গুণগত স্বাস্থ্য সেবাই পারে অপরিণত বয়সে জন্মানো শিশুর মৃত্যু ঠেকাতে, এছাড়াও মায়ের বুকের দুধ, প্রত্যেক মা ও তার শিশুর উন্নত মানের স্বাস্থ্যসেবা এ ধরনের শিশু মৃত্যুরোধে কাজ করে। ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) হচ্ছে অপরিণত বয়সের শিশু ও কম ওজনের শিশুকে মায়ের বুকে জড়িয়ে রেখে সুরক্ষা দেওয়ার পদ্ধতি।
কেঙ্গারু মাদার কেয়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্র্তৃক স্বীকৃত একটি পদ্ধতি যা দ্বারা শিশু মায়ের কাছে থাকলে বা ক্যাঙ্গারু মাদার কেয়ারে থাকলে শিশু উষ্ণতা পায়, মা শিশুর অবস্থা বুঝতে পারে।
প্রতিরোধ
অপরিণত শিশু জন্মানোর কারণগুলো সঠিকভাবে জানতে হবে। কারণগুলো সম্পর্কে সচেতন হয়ে যথাযথ ব্যবস্থা নিলে এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যায়। কম বয়সে বিবাহরোধ করা, নিয়মিত স্বাস্থ্যকেন্দ্র গিয়ে চেকআপ করানো এবং গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করলে অপরিণত শিশুর জন্ম কমানো সম্ভব। অধ্যাপক ডা. (অব.) মনজুর হোসেন
শিশুরোগ ও শিশু হৃদরোগ বিশেষজ্ঞ
সাবেক পরিচালক, শিশু হাসপাতাল
চেম্বার: ডা. মনজুর’স চাইল্ড’স কেয়ার সেন্টার
৮৪/১ (৩য় তলা), রোড ৭/এ, সাতমসজিদ রোড, ধানমণ্ডি,
ঢাকা-১২০৯।
মোবাইল-০১৭১১৪২৯৩৭৩