মিরসরাইয়ে কেব্ল ও ট্রান্সমিশন লাইনের ইকুইপমেন্ট কারখানা হবে

ভূ-গর্ভস্থ বিদ্যুৎ সরবরাহ কেব্ল ও ট্রান্সমিশন লাইনের ইকুইপমেন্ট তৈরির কারখানা স্থাপনে মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এস কিউ গ্রুপ। এ লক্ষ্যে গতকাল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও এস কিউ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান টেকনো ইলেকট্রিক্যাল ও ভিকার ইলেকট্রিক্যালের সঙ্গে জমি ইজারা সংক্রান্ত দুটি পৃথক চুক্তি হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে প্রতিষ্ঠানটি পণ্য উৎপাদনে যাবে।

চুক্তিপত্রে সই করেন বেজার নির্বাহী সদস্য হারুনুর রশীদ এবং টেকনো ইলেকট্রিক্যালের চেয়ারম্যান জেড এম শফিউদ্দীন ও ভিকার ইলেকট্রিক্যাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলামীন। এ সময় উপস্থিত ছিলেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।

চুক্তির আওতায় মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে টেকনো ইলেকট্রিক্যাল ও ভিকার ইলেকট্রিক্যাল যথাক্রমে ১০ একর করে মোট ২০ একর জমি ইজারা নেবে। মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের টেকনো ইলেকট্রিক্যাল ভূ-গর্ভস্থ বিদ্যুৎ সরবরাহের কেব্ল উৎপাদন কারখানা স্থাপন করবে। এ জন্য ১৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এ কারখানায় প্রায় ৪০০ মানুষের কর্মসংস্থান তৈরি হবে।

ভিকার ইলেকট্রিক্যাল বিদ্যুৎ সরবরাহ লাইনের ইকুইপমেন্ট তৈরির কারখানা করবে। এতে তারা ২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এই কারখানায় প্রায় ৫০০ মানুষের কর্মসংস্থান হবে বলে বেজা আশা করছে।