মোদির সমালোচনা প্রসঙ্গে গাজীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা একটি রাজনৈতিক নির্দেশনা নিয়ে চলি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অতিথি করার সমালোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা একটি রাজনৈতিক নির্দেশনা নিয়ে চলি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ আমাদের দিয়েছেন, সেই নীতি অনুসরণ করেই আমরা চলছি।

গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) সমাপনী কুচকাওয়াজ ও নবসৃজিত আনসার গার্ড ব্যাটালিয়নের ফ্ল্যাগ রেইজিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন ক্রান্তিকাল অতিক্রম করে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। বর্তমানে সরকার দেশের উন্নয়নে বদ্ধপরিকর। এ সরকারের কর্মতৎপরতায় অর্থনীতি, রাজনীতি, শান্তি-শৃঙ্খলা রক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। নিঃসন্দেহে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সরকারের এ সাফল্যের বিরাট অংশের অংশীদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (আনসার ও সীমান্ত) জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত-সচিব শায়েদ আলী ও একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা।