লিঁওতে হার জুভেন্তাসের

ম্যাচের আগ পর্যন্ত দল হিসেবে অলিম্পিক লিঁওর চেয়ে এগিয়ে ছিল জুভেন্তাস। ফ্রেঞ্চ লিগ ওয়ানে বর্তমানে ৭ নম্বরে লিঁও। কিন্তু বুধবার প্রি-কোয়ার্টারের প্রথম লেগের ফল লিঁও ১-০ জুভেন্তাস। লিঁওর মূল ভরসা মেমফিস ডিপাইও ছিলেন না ইনজুরির কারণে। এমন ম্যাচে প্রথমার্ধের ৩১ মিনিটে লুকাস টুসার্টের অসাধারণ গোলে লিড পায় লিঁও। শেষ পর্যন্ত ওই লিড ধরে রেখেই প্রথমবারের মতো জুভেন্তাসকে হারিয়ে মাঠ ছেড়েছে রুডি গার্সিয়ার দল।

পুরো ম্যাচে বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু এ বছর গোল করায় দুর্দান্ত এই পর্তুগিজ ব্যর্থ হয়েছেন বুধবার। লিঁওর পোস্টে মোট ১৪টি শট নিয়েছে জুভেন্তাস। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে জালে বল জড়িয়েছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা। কিন্তু অফসাইডের কারণে রেফারি গোলটি বাদ করে দেন । জয়ের পর লিঁওর স্পোর্টিং ডিরেক্টর জুনিনহো বলেন, ‘জুভেন্তাসের বিপক্ষে ১-০ গোলে জেতা আমরা কেউ চিন্তাও করিনি। অবশ্যই আমরা খুশি। তবে এটা ভুলে গেলে চলবে না যে, এটা কেবল প্রথম লেগ।’ এদিকে হারের কারণ হিসেবে প্রথমার্ধের পারফরম্যান্সকে দায়ী করছেন জুভেন্তাস কোচ মাউরিসিও সারি।

‘প্রথমার্ধে আমরা সেই জুভেন্তাস ছিলাম না যে দলকে আপনারা চেনেন। আমরা আক্রমণে বেশি যাইনি। পরিস্থিতি বুঝতে সময় লেগেছে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হিসেবে আমরা ভালো করিনি। তবে আমরা ৯০ মিনিট পাচ্ছি।’ করোনাভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে ইতালিতে। তবু লিঁওর মাঠে ৩ হাজার জুভেন্তাস সমর্থককে ম্যাচ দেখার অনুমতি দেওয়া হয়। দ্বিতীয় লেগ ১৭ মার্চ জুভেন্তাসের মাঠে।