পাকিস্তান সফর নিয়ে সিদ্ধান্ত বদলাচ্ছেন না মুশফিক

নিরাপত্তা ও পারিবারিক কারণ দেখিয়ে আগের দুই দফায় পাকিস্তান সফরে না যাওয়া মুশফিকুর রহিম তৃতীয় দফায়ও একই সিদ্ধান্তেই অনড়। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটসম্যানকে তৃতীয় দফায় পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তৃতীয় দফার সফরে আগামী এপ্রিলের শুরুতে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশ দলের। এ ব্যাপারে গত মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল হাসান বলছিলেন, এবার পাকিস্তানে মুশফিককে চান তারা।

“আমরা আশা করছি সে (মুশফিক) যাবে। সে নয় শুধু, যাকেই নির্বাচন করা হবে, সে যাবে। চুক্তিবদ্ধ প্রতিটি ক্রিকেটারের উচিত যাওয়া। এটা আমরা মনেপ্রাণে বিশ্বাস করি।”

“ক্রিকেটারদের দেশের কথাও চিন্তা করতে হবে, শুধু নিজের কথা চিন্তা করলে হবে না। আমি ব্যক্তিগতভাবে এটিই মনে করি। নিজের কথা খুব গুরুত্বপূর্ণ, পরিবার গুরুত্বপূর্ণ, দেশ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এ কথাটি সবাইকে মনে রাখতে হবে।”

এ ব্যাপারে বেসরকারি এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মুশফিক জানালেন, পাকিস্তান সফর নিয়ে তার অবস্থান আগের মতোই।

“পাকিস্তানে যাওয়া, না যাওয়ার বিষয়টি আমি আগেই পরিষ্কারভাবে জানিয়েছি, তারাও কিন্তু এইটা মেনে নিয়েছে। পিএসএলেরও একটা প্রস্তাব ছিল নাম দিব কী দিব না। যেখানে তখনকার পরিস্থিতি বিবেচনা করে আমি নাম দিই নি। আমার সিদ্ধান্তকে তাদের আরও সম্মান জানানো উচিত ছিল যে তখনকার পরিস্থিতি জেনেও নাম দিই নি। বিষয়টা পুরো পরিষ্কার, ভবিষ্যতেও সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোন সম্ভবনা নেই। যারা যাবে তাদের জন্য শুভকামনা।”