লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ নেতাসহ ৮ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া দেওয়ানী বাজার গ্রামে এ সংঘর্ষ বাধে। আহতরা হলেন উপজেলার বারঘড়িয়া দেওয়ানী বাজার এলাকার মৃত ফজর রহমানের ছেলে উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য তমিজার রহমান (৪৫), একই গ্রামের মজিবর রহমানের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সালাম (৩৩), একই গ্রামের তহদ্দিনের ছেলে শিন্টু মিয়া (৫০), মন্টু মিয়ার ছেলে মশিউর রহমান (২৫), মৃত মোহাম্মদ আলীর ছেলে জাফর আলী (৬৫), তার ছেলে মজিবর রহমান (৩৮), মৃত তছলিম উদ্দিনের ছেলে সাবেক সেনাসদস্য আজহার আলী মন্টু (৫০) ও মজিবর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (১৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বারঘড়িয়া দেওয়ানী বাজার গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে দিনমজুর মন্টু মিয়ার বসতবাড়ির জমি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করছে প্রভাবশালী জাফরের ছেলে মজিবর রহমান। এ নিয়ে উভয় পক্ষের একাধিক মামলা আদালতে বিচারাধীন। সম্প্রতি স্থানীয়দের ডাকে পুলিশের উপস্থিতিতে বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তির সিদ্ধান্ত হলেও তা মেনে নেয়নি মজিবর গংরা।
এদিকে শুক্রবার দুপুরে দলবল নিয়ে কীটনাশক স্প্রে করে দিনমজুর মন্টু মিয়ার বাড়ির লোকজনকে সরিয়ে দিয়ে বাড়িটি ভেঙে দেয় মজিবর গংরা। পরে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ গ্রামবাসী প্রতিবাদ করলে তাদেরও কীটনাশক স্প্রে করে দেশি অস্ত্রে এলোপাতাড়ি মারপিট করে। আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।