দ্বিতীয় বিয়েতে আমার মেয়েও খুশি

সংবাদ পাঠিকা হৃদিতা রেজাকে বিয়ে করেছেন সংগীত পরিচালক, সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী শওকত আলী ইমন। বিয়ে নিয়ে তার সঙ্গে কথা বলেছেন সুদীপ্ত সাইদ খান

নতুন বিয়ের অনুভূতি কেমন?

অনুভূতি এখনো বুঝতে পারছি না। তবে ভালো লাগছে জীবনের একটা নতুন অধ্যায় শুরু করলাম। সবাই অভিনন্দন জানাচ্ছে। সব মিলিয়ে ভালোই লাগছে।

দ্বিতীয় বিয়ে...

কথায় আছে না পাস্ট ইজ পাস্ট। অতীতকে ফেলে জীবন ছুটে চলে। সামনের দিকেই এগিয়ে যেতে হবে। তো ওইটা মাথায় রেখেই এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। প্রথম বিবাহবিচ্ছেদের পর তো ১০ বছর শুধু কাজই করলাম। কাজে খুবই ব্যস্ত ছিলাম। পরে মনে হলো যে লাইফটা আবার গোছানো দরকার। পারিবারিক সিদ্ধান্তেই নতুন জীবনে এলাম।

নতুন স্ত্রীর সঙ্গে পরিচয় কীভাবে? কত দিনের প্রেম?

না, একদমই প্রেম ছিল না। একেবারে পারিবারিক আয়োজনেই বিয়েটা হয়েছে, আবিদা সুলতানা, রফিকুল আলম, আবদুল হাই ওনাদের মাধ্যমেই বিয়েটা হয়েছে। আমার স্ত্রী চ্যানেল আইয়ের নিউজ প্রেজেন্টার। ও ১৪ বছর ধরে নিউজ পড়ে চ্যানেল আইয়ে।

নতুন জীবনের নতুন পরিকল্পনা সম্পর্কে জানতে চাই...

পরিকল্পনা করিনি এখনো। হঠাৎ করেই যেহেতু বিয়ে। এখন আস্তে-ধীরে পরিকল্পনা করা যাবে।

বন্ধু-বান্ধবরা বিষয়টাকে কীভাবে দেখছে?

সবাই ভালোবাসা জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে। ফেইসবুকে দেখছি প্রচুর অভিনন্দন জানাচ্ছে। আমি সত্যিই আপ্লুত। সবাই খুব ভালোভাবে আমার দ্বিতীয় বিয়ের বিষয়টি নিয়েছে। এতে আমার পজিটিভ ফিলিং হচ্ছে।

আপনার সন্তানের প্রতিক্রিয়া কী?

আমার মেয়ে তো অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছে। ও ঢাকায় এসেছিল যখন, তখন আমার স্ত্রীর সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছি। আমার মেয়ে নিজে থেকেই আমাকে বহুবার বলেছে, ‘বাবা, একা থাকো, বিয়ে-টিয়ে করো।’ তো দ্বিতীয় বিয়ে করায় আমার সন্তানও অনেক খুশি হয়েছে।

হানিমুনে কোথায় যাচ্ছেন?

গতকাল তো মাত্র বিয়ে হলো। মুরব্বিদের নিয়ে ঘরোয়া আয়োজনেই বিয়ে হয়েছে। আমি আনুষ্ঠানিকতা করব ঈদের পর পর। তখন বন্ধুবান্ধবসহ সবাইকে দাওয়াত দেব। এরপর হানিমুনে যাওয়ার প্ল্যান আছে। হয়তো সিঙ্গাপুর বা মালয়েশিয়ায় যাব। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাব যেভাবে বাড়ছে, তাতে শেষ পর্যন্ত দেশের বাইরে যাওয়া হবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় আছি। তবে সবকিছু ঠিকঠাক থাকলে বাইরে যাব, না হলে দেশেই করতে হবে।

কাজকর্ম কেমন চলছে?

কাজকর্মও ভালোই চলছে। মাঝখানে এখন কয়েক দিন গ্যাপ দিতে হবে। স্ত্রীকে সময় দিতে হবে। কাজ তো চলছেই। সিনেমার কাজ চলছে। কিছু সিঙ্গেল করছি। মধ্যে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের কয়েকটি প্রজেক্টের কাজ করেছি। সব মিলিয়ে ভালোই চলছে।