পটুয়াখালীর কলাপাড়ার পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন বেড়িবাঁধের সেøাপ ও ম্যানগ্রোভ বনাঞ্চল উজাড় করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলাপাড়া থানা পুলিশের সহায়তায় গত বৃহস্পতিবার শেষ বিকেলে কলাপাড়া উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে মাটি কাটার বেকু মেশিনসহ মজিবুর রহমান, রফিকুল ইসলাম, রুহুল আমিন গাজী, মহিদুল হক ও আল আমিনকে গ্রেপ্তার করে।
স্থানীয়দের অভিযোগ এমএম বিল্ডার্স পায়রা বন্দরের পাশে কিছু জমি ক্রয় করলেও তাদের দখলে থাকা অধিকাংশ জমি সরকারি। পায়রা বন্দরের আধা কিলোমিটারের মধ্যে প্রকাশ্যে বেড়িবাঁধের স্লোপ কেটে ও বনাঞ্চল উজাড় করে মাটি পায়রা বন্দরের সামনে স্তূপ করে রাখা হয়েছে।
কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, এমএম বিল্ডার্সের প্রতিনিধিরা মাটি কাটছে এমন অভিযোগ পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে সত্যতা দেখতে পেয়ে তাৎক্ষণিক উপজেলা প্রশাসনকে অবহিত করেন।
কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা আবদুল সালাম জানান, তাদের প্রায় পাঁচ একর ম্যানগ্রোভ বনাঞ্চল উজাড় করা হয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান জানান, পাঁচজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।