রাজনৈতিক কারণেই খালেদার জামিন হচ্ছে না : মওদুদ

কেবল রাজনৈতিক কারণেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন হচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ অভিযোগ করে তিনি বলেন, আইনে আছে যদি কোনো আসামি নারী হন এবং তিনি যদি অসুস্থ ও বয়স্ক হন তাকে জামিন দিতে হবে। আজকে আদালত মানবিক কারণেও তাকে মুক্তি দিতে রাজি নয়। তিনি গুরুতরভাবে অসুস্থ। কারাবন্দির ২ বছরে তার শরীরের আর কিছু বাকি নেই। প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ হলে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ সভা আয়োজন করা হয়। মওদুদ বলেন, আমি বৃহস্পতিবার আদালতকে স্মরণ করিয়ে দিয়েছি যদি কোনো অঘটন ঘটে এর বিচার করবে কে? এর দায়িত্ব কে নেবে? সরকারকেই নিতে হবে এই দায়িত্ব। রাজনৈতিক কারণে খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে এবং রাজনৈতিক কারণেই তার জামিন হচ্ছে না। আজকে এটা বুঝতে কারও বাকি নেই। দেশে কোনো রাজনীতি নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যে রাজনীতি আছে সেটা অপরাজনীতি। এই রাজনীতি হলো একদলীয় রাজনীতি। আর এ কারণে এদেশের মানুষের আশা-আকাক্সক্ষার কোনো প্রতিফলন হচ্ছে না। আজকে এজন্যই সরকার সাধারণ মানুষ থেকে সত্যিকার অর্থে বিচ্ছিন্ন। তিনি বলেন, আজকে দেশে যেমন রাজনীতি নেই, দেশে গণতন্ত্র নেই। আর দেশে যখন গণতন্ত্র থাকে না তখন দেশে আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা থাকে না। আজকে মানুষের মধ্যে সর্বত্র ভয়ভীতি, একটা আতঙ্ক বিরাজ করছে। মানুষ মুক্ত মনে কথা বলতে চায় না, কথা বলতে পারে না।

সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, অহিংস ও সহিংস রাজনীতি নিয়ে এখন আলোচনা করার সময় নয়। এখন রাস্তায় নামতে হবে। আন্দোলন করতে হবে। তখনই  বোঝা যাবে আন্দোলন কোথায় যাবে।

সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, কৃষক দলের সদস্য লায়ন মিয়া মো. আনোয়ার, কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।