সরকার দেশের শিক্ষা ব্যবস্থার দিকে বিশেষ নজর দিয়েছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, শিক্ষা নিয়ে বিশাল চিন্তাভাবনা আছে। শিক্ষা ব্যবস্থাকে কেরানি তৈরির উৎস কিংবা কেরানিনির্ভর প্রতিষ্ঠান না বানিয়ে বিজ্ঞানভিত্তিক ও মানবিক প্রতিষ্ঠান করা হবে। শিক্ষা ব্যবস্থার গিয়ার পরিবর্তন করা হবে।
গতকাল শুক্রবার সুনামগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘একটি কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার শিক্ষার্থী রাখা যাবে না। প্রয়োজনে কলেজ-বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানো হবে। এজন্য প্রতি জেলাতেই মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নিয়েছে সরকার।’ তিনি বলেন, ‘আমরা উন্নয়নের দৌড়ে ছুটেছি। মুক্তিযুদ্ধে যাওয়ার আগে অনেকেই ভেবেছিল আমরা পারব কি না। আমরা তখন যেমন পেরেছি এখনো পারব। আমরা এগিয়ে যাচ্ছি আর থেমে থাকা যাবে না, যদিও আমাদের অনেক কিছুই কম রয়েছে, আমরা কম পয়সার রাষ্ট্র তবু এ দেশ এগিয়ে যাবে। বাঙালিদের বিকল্প বাঙালিই। তাই কোনো ভয় নেই, এ দেশ এগিয়ে যাবে।’
কলেজ অধ্যক্ষ নীলিমা চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ ও বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ, পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম প্রমুখ।