কক্সবাজারে ফখরুল

খালেদা জিয়ার জামিন না হওয়ায় আমরা ক্ষুব্ধ ও আশাহত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন না হওয়ায় নেতাকর্মীরা ক্ষুব্ধ ও আশাহত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। গতকাল শুক্রবার দুপুরে কক্সবাজারে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘মিথ্যা মামলায় কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া প্রয়োজন। তিনি এখন হাঁটতে পারেন না, দাঁড়াতে পারেন না। এ জন্য বিএনপির পক্ষ থেকে আদালতে তার জামিন চাওয়া হয়েছে। আদালত খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করায় আমরা ক্ষুব্ধ ও আশাহত।’

কক্সবাজারের রামু সীমা মহাবিহারসংলগ্ন মেরংলোয়া মাঠে একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ ধর্মীয় গুরু উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথেরর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব।

এ সময় ভারতের রাজধানী নয়াদিল্লির সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ভারতের দাঙ্গা আমাদের দেশে আঞ্চলিক শান্তি, সৌহার্দ্য ও সহযোগিতার জন্য অন্তরায় হয়ে দাঁড়াবে। আমরা আশা করি ভারত তার দেশের জনগণের কথা চিন্তা করে এনআরসি সমস্যা সমাধান করবে।’

অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু, চেয়ারপারসনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া, সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল প্রমুখ। এর আগে মির্জা ফখরুল প্রয়াত সত্যপ্রিয়র মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

রামু সীমা মহাবিহারের অধ্যক্ষ উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের গত ৪ অক্টোবর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৪৮ দিন বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুসারে সংরক্ষণের পর তার দাহক্রিয়া সম্পাদন করা হবে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান।