একমাত্র টেস্টের ব্যর্থতার জের ওয়ানডে সিরিজে আনতে চায় না জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন ইতিবাচক ও আগ্রাসী ক্রিকেট খেলার আভাস দিয়ে রাখল সফরকারী দলের অধিনায়ক চামু চিবাবা।
সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রোববার দুপুর একটায় প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দল দুটি। একই ভেন্যুতে মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডে ও আগামী শুক্রবার তৃতীয় ও শেষ ওয়ানডে।
সিরিজ শুরুর আগের দিন সংবাদসম্মেলনে চিবাবা জানান, বাংলাদেশের মাটিতে নিজেদের রেকর্ডের পরিবর্তন করতে মুখিয়ে আছে তার দল। মিরপুরে একমাত্র টেস্টে ইনিংসে হারার ব্যর্থতা ভুলে ওয়ানডেতে নতুন উদ্যম নিয়ে মাঠে নামতে চায় তারা।
চিবাবা বলেন, “হ্যাঁ, দুটি দুই ভিন্ন ফরম্যাট। তবে এটা সীমিত ওভারের খেলা। আমরা এখানে ভালো করি। আমরা ইতিবাচক ও আগ্রাসী ক্রিকেট খেলতে চাই। আমি মনে করি ওয়ানডে ক্রিকেট আমাদের সেই সুযোগটা দেয়।”
বিগত বছরগুলোতে বাংলাদেশে এসে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে, যদিও এই ফরম্যাটেই দলটির বড় বড় সাফল্য আছে।
এ ব্যাপারে চিবাবা বলেন, “বাংলাদেশের মাটিতে আমাদের রেকর্ড ভালো নয়। কিন্তু এটা বদলাতে চাই আমরা। সামনে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি আছে। আমাদের জন্য এটা বড় সুযোগ।”
বাংলাদেশের স্কোয়াডে রয়েছেন আফিফ হোসেন, নাইম শেখের মত তরুণরা। তারুণ্যে ভরপুর জিম্বাবুয়ের স্কোয়াডও। সাংবাদিকদের সাথে আলাপকালে তরুণদের প্রতি শুভকামনা জানান জিম্বাবুয়ের ওয়ানডে নেতা।
“সত্যি বলতে বাংলাদেশের তরুণদের ব্যাপারে খুব একটা জানি না। তরুণদের চ্যালেঞ্জ গ্রহণ করা সবসময়ই দারুণ। আমাদের দলের তরুণদের দেখতেও মুখিয়ে আছি। নিজের দেশকে প্রতিনিধিত্ব করা বড় ব্যাপার। তরুণদের প্রতি শুভকামনা।”