জনপ্রিয় নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা। স্টেজ শো, টেলিভিশন অনুষ্ঠান, গানের স্কুল ‘সুরসপ্তক’ নিয়েই তার ব্যস্ততা। স্কুলটি এ বছর ২০ বছর পার করছে। এ উপলক্ষে বিশেষ আয়োজন রেখেছেন। এসব নিয়েই কথা বলেছেন তিনি
‘সুরসপ্তক’-এর ২০ বছর...
আগামী ১৪ মার্চ ২০ বছর পূর্ণ করতে যাচ্ছে আমার সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ‘সুরসপ্তক’। দিনটি সত্যিই আমার জন্য বিশেষ। এক কথায় বলতে আমার সাফল্যের অন্যতম একটি অনুষঙ্গ এই গানের স্কুল। তাই দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করছি। শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে হবে এই অনুষ্ঠান। ‘সুরসপ্তক’-এর ২০ বছর পূর্তি শুধু নিজের নয়; সংগীতপ্রেমী অগণিত মানুষের ভালো লাগার বিষয়। বাবা বেঁচে থাকলে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার এই দিনে সবার চেয়ে খুশি হতেন। কারণ সুরসপ্তকের পথচলার প্রতিটি পদক্ষেপ ও সংগ্রামে তিনি ছিলেন অনুপ্রেরণাদায়ী। বিভিন্ন সময় সংগীতাঙ্গনের অনেকের কাছে আমরা সহযোগিতা পেয়েছি, তাদের কাছেও আমি
কৃতজ্ঞ। তাই গুণী শিল্পীদের সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে সুরসপ্তকের ২০ বছরপূর্তি স্মরণীয় করে রাখতে চাই।
সম্মাননা পাচ্ছেন যারা...
প্রথিতযথা দুই কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমান ও সৈয়দ আবদুল হাদীকে দেওয়া হবে সংগীতে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা। বিশেষ বিশেষ সম্মাননা দেওয়া হবে বরেণ্য কণ্ঠশিল্পী শাহীন সামাদ, খায়রুল আনাম শাকিল ও নাশিদ কামাল এবং তরুণ প্রজন্মের দুই শিল্পী দিলশাদ নাহার কনা ও ইউসুফ আহমেদ খানকে। পাশাপাশি প্রয়াত বরেণ্য কণ্ঠশিল্পী সুধীন দাস, সোহরাব হোসেন, খালিদ হোসেন, ফিরোজা বেগম, নীলুফার ইয়াসমিন ও আমার চাচা সুরসপ্তকের উপদেষ্টা এ বি এম আবদুর শাকুরের সম্মাননা তাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে। সম্মাননার পাশাপাশি বিভিন্ন প্রজন্মের নজরুলের গানের শিল্পীদের গানের পরিবেশনা থাকছে। আমিও সেখানে গাইব। নৃত্য পরিবেশন করবেন ওয়ার্দা রিহাব ও তার দল ধৃতি নর্তনালয়।
ব্যস্ততা...
‘সুরসপ্তক’-এর ২০ বছর পূর্তির এই অনুষ্ঠানের পেছনে অনেক সময় দিতে হচ্ছে। এর বাইরে সম্প্রতি বেশ কিছু ভালো অনুষ্ঠানে গান করেছি। গতকালই গেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে। আমি মনে করি, নজরুলের গান নিয়ে দেশে-বিদেশে কত ধরনের আয়োজন হয় তা মানুষের জানা উচিত। কারণ, কাজগুলো একদিকে যেমন দেশের জন্য সম্মান বয়ে আনে, তেমনি যারা নজরুল সংগীতচর্চা করেন বা ভালোবাসেন তাদের জন্য অনুপ্রেরণা হতে পারে। কিন্তু আমি এমন একজন মানুষ যে নিজ থেকে নিজের প্রচারণা করতে ভালোবাসি না। কেউ যদি আমার কাছে কিছু জানতে চায় তখনই কেবল বলি।