ওয়ালটনের ৫টি প্রকল্প উদ্বোধন

ওয়ালটনের মতো আরও প্রতিষ্ঠান গড়ে উঠবে : অর্থমন্ত্রী

ওয়ালটনের মতো আরও প্রতিষ্ঠান গড়ে উঠবে বলে আশা করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ওয়ালটনের পণ্য ব্যবহার করে দেশের মানুষ খুশি। যে অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছিল, তা থেকে তারা বিচ্যুত হয়নি। তারা আমেরিকার বাজারে প্রথমবারের মতো বাংলাদেশকে নিয়ে যাচ্ছে।

গতকাল রবিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় অর্থমন্ত্রী বাংলাদেশের প্রথম এলিভেটর কারখানার উদ্বোধন করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রপ্তানি, ভারতে বিপুল পরিমাণ এসি রপ্তানি, অল-ইন-ওয়ান ওয়ালটন পিসি এবং ওয়ালটন টিভির নিজস্ব অপারেটিং সিস্টেম ‘আরওএস’ উদ্বোধন করেন।

এ সময় অর্থমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অর্থমন্ত্রী বলেন, ওয়ালটন বিশ্ববাজারে মোবাইল ফোন, ল্যাপটপ, হাউজহোল্ড অ্যাপ্লায়েন্স, কম্প্রেসর ইত্যাদি নিয়ে যাচ্ছে। এর আগে মন্ত্রীরা ওয়ালটন কারখানায় পৌঁছালে তাদের ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী, ভাইস চেয়ারম্যান এস এম শামছুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম আশরাফুল আলম প্রমুখ।

গাজীপুরের চন্দ্রায় রেফ্রিজারেটর, কম্প্রেসর, টেলিভিশন, এয়ার কন্ডিশনার, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্স, ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স, ডাই মোল্ড কারখানা গড়ে তুলেছে ওয়ালটন। এবার এলিভেটর বা লিফটের মতো ভারী শিল্প কারখানা প্রতিষ্ঠা করেছে ওয়ালটন। যার বার্ষিক উৎপাদন ক্ষমতা ১ হাজার ইউনিট। খুব শিগগির তা ২ হাজার ইউনিটে উন্নীত হবে বলে জানা গেছে। দেশে কারখানা চালু হওয়ায় উচ্চমূল্যে বিদেশ থেকে এলিভেটর আমদানির প্রয়োজন পড়বে না।

কর্তৃপক্ষ জানায়, আমেরিকার একটি আন্তর্জাতিক ব্র্যান্ড ওয়ালটনের কাছ থেকে স্মার্টফোন নিচ্ছে। ওরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (ওইএম) হিসেবে ওই ব্র্যান্ডটিকে স্মার্টফোন তৈরি করে দিচ্ছে ওয়ালটন। ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটনের তৈরি স্মার্টফোনগুলো আমেরিকার বাজারে বিক্রি হবে। ওরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (ওইএম) হিসেবে ভারতে এসি রপ্তানি শুরু করেছে ওয়ালটন। ইনভার্টার প্রযুক্তির ব্যাপক বিদ্যুৎসাশ্রয়ী এসব এসি ভারতের সর্বত্র বিক্রি হবে।

এদিকে, প্রাথমিকভাবে ৩ মডেলের অল-ইন ওয়ান পিসি তৈরি করছে ওয়ালটন। ২১.৫ ইঞ্চির ফুল এইচডি রেজল্যুশন স্ক্রিনের এসব পিসিতে ব্যবহৃত হয়েছে ইন্টেলের অষ্টম এবং নবম প্রজন্মের কোরআইথ্রি এবং কোরআই ফাইভ প্রসেসর, রয়েছে ৮ জিবি র‌্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ইন্টেলের আলট্রা এইচডি গ্রাফিকস, ২ মেগাপিক্সেল ক্যামেরাসহ অত্যাধুনিক সব ফিচার।

‘আরওএস’ হচ্ছে টেলিভিশনের একটি পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেম যা পরীক্ষামূলকভাবে ওয়ালটনের বেসিক এলইডি টেলিভিশনে ব্যবহার করা হচ্ছে। খুব শিগগির ওয়ালটনের স্মার্ট টেলিভিশনেও এ প্রযুক্তি সংযোজিত হবে।