ভারতের রাজধানী দিল্লিতে সহিংসতার জেরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণের বিরোধিতার প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন অতিথির কাছে বাংলাদেশের ‘জনগণের প্রত্যাশা ও ইচ্ছার প্রতিফলন’ চেয়েছেন।
গতকাল রবিবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে মোদির আগমন নিয়ে বাংলাদেশে প্রতিবাদ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আমাদের নিয়মে মেহমানদারি যা করার তা করব, সম্মান আমরা দেব। তবে আমরা এটুকু আশা করব, আমাদের মেহমানরা আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশা এবং জনগণের ইচ্ছার ব্যাপারে একটা ভালো অবস্থান নেন।’ এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০’-এর ওয়েবসাইট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।
আগামী ১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে, যার মধ্যে প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী মোদিও রয়েছেন। এরই মধ্যে ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ ঘিরে রাজধানী দিল্লিতে সহিংসতায় ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। মুসলমানদের ওপর নির্যাতনের খবর সংবাদমাধ্যমে আসার পর মোদির ঢাকা সফর বাতিলের দাবি তুলেছে বিভিন্ন সংগঠন।
তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই অনুষ্ঠানে আসছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘ভারতীয় প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন আসবেন। আমরা দাওয়াতও দিয়েছি। আগামীকাল (আজ) ভারতের পররাষ্ট্র সচিব আসবেন বিস্তারিত আলাপ করার জন্য। বাকি অনেক কিছু নিয়ে আলাপ হবে।’ দিল্লিতে সহিংসতার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হবে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি।’