প্রেমিকা দীপা রানির অন্য ছেলের সঙ্গে বিয়ে ঠিক হওয়ায় প্রেমিকাকে এলোপাতাড়ি কুপিয়েছে তার প্রেমিক দীপু!
দীপার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরি দিয়ে কোপানো হয়েছে একপর্যায়ে প্রেমিকা দীপার পেটে ছুরিটি ঢুকিয়ে দেয় তার প্রেমিক দীপু।
দীপাকে প্রাথমিক চিকিৎসা দিতে পারলেও তার পেটের ছুরিটি বের করতে পারেননি চাঁদপুরের চিকিৎসকেরা। জীবনের ঝুঁকি থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে দীপাকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। বর্তমানে মেয়েটি ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসাধীন রয়েছে। গুরুতর আহত দীপা চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের ১ম বর্ষের ছাত্রী।
সোমবার দুপুরে এমন ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি এলাকার ফাইভ স্টার পার্কে। এ ঘটনায় প্রেমিক দীপুকে আটক করে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করেছে স্থানীয়রা।
চাঁদপুরের হাইমচর উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামের জগ্গেশ্বর মাঝির মেয়ে দীপা রানি জানায়, পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ক্যাম্পেরহাট এলাকায় তার মামার বাড়ির পাশে দীপু মজুমদার নামের যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এদিকে কয়েকদিন আগে পারিবারিকভাবে দীপার অন্যত্র বিয়ে ঠিক হয়। এ খবর পেয়ে সোমবার দুপুরে দীপু মজুমদার তাকে নিয়ে চাঁদপুরের ফাইভ স্টার পার্কে ঘুরতে আসে। একপর্যায়ে তার অন্য জায়গায় বিয়ে ঠিক হওয়া নিয়ে কথা-কাটাকাটি হয় এবং তাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. রফিকুল হাসান ফয়সাল বলেন, ছুরির আঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়েছে। যার কারণে তার প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। দীপার পেটের ডান পাশে একটি ছোট্ট ছুরি বিঁধে আছে। পেটে ঢোকা ছুরিটি বের করতে গেলে আরও রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা ছিল, যা আমাদের এখানে বন্ধ করা সম্ভব হতো না। তাই তার শরীরের অন্যান্য ক্ষতস্থানে সেলাই করে ও প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত যুবককে স্থানীয়রা আটক করে থানায় সোপর্দ করেছে। আমরা হাসপাতালে গিয়ে মেয়েটির সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। এ ব্যাপারে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।