খুলনায় পাসপোর্ট করাতে এসে রোহিঙ্গা আটক

খুলনায় একরাম উল্লাহ (২২) নামে এক রোহিঙ্গা তরুণ পাসপোর্ট করাতে এসে আটক হয়েছেন। গতকাল সোমবার বিকেলে ওই তরুণকে খুলনা বিভাগীয় পাসপোর্ট কার্যালয় থেকে আটক করা হয়। তিনি মিয়ানমারের আরাকান রাজ্যের মেরুল্লা এলাকার বাসিন্দা বলে জানান।

খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খান জানান, একরাম উল্লাহ পাসপোর্ট করাতে এলে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সময় তাকে রোহিঙ্গা ডাটাবেজে শনাক্ত করা হয়। পরে তাকে আটক করা হয়। তিনি বাংলাদেশে এসেছেন ২-৩ বছর আগে এবং খুলনা নগরীর রেলওয়ে গার্ড কলোনির ঠিকানা দিয়ে পাসপোর্ট করার চেষ্টা করছিলেন।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণ ১০ হাজার টাকার বিনিময়ে পাসপোর্ট করার জন্য দালালের সঙ্গে চুক্তি করেছিলেন বলে স্বীকার করেন। তার মা আরফা খাতুন বর্তমানে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে রয়েছেন বলে তিনি জানান।