বিদ্যুৎ, পানির দাম বৃদ্ধির প্রতিবাদ বিএনপির

বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন জেলা ও মহানগরে মানববন্ধন করেছে বিএনপি। গতকাল সোমবার কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালিত হয়। কোথাও কোথাও পুলিশের বাধায় মানববন্ধন পণ্ড হওয়ার খবর পাওয়া গেছে। নিজস্ব প্রতিবেদক, ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

চট্টগ্রাম : বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে দলীয় নেতারা বলেন, গত ১০ বছরে নয়বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেটকে সুবিধা দিতেই এভাবে ঘন ঘন দাম বাড়ানো হচ্ছে। গতকাল নগরীর কাজীর দেউড়ি নুর আহমদ সড়কে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সিলেট : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে মানববন্ধন করেছে মহানগর ও জেলা বিএনপি। নগরীর সুরমা মার্কেট পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে নেতারা বলেন, বিনা ভোটের এই সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। জনগণের কষ্ট-দুর্ভোগে তাদের কিছু যায়-আসে না। তারা তাদের খেয়ালে চলছে।

বরিশাল : বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে পুলিশের বেষ্টনীর মধ্যে মানববন্ধন করেছে বিএনপি। বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালিত হয়। মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে মানববন্ধনে সহসভাপতি মো. রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া প্রমুখ বক্তব্য দেন। এর আগে নগরীর আগরপুর রোডে মানববন্ধন করে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।

যশোর : বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন হয়েছে। গতকাল সকালে দলীয় কার্যালয়ের সামনের এ মানববন্ধনে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সাতক্ষীরা : একই দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ের সামনের এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী। এ সময় নেতারা খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবি জানান।

ঝিনাইদহ : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন দলটির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, কর্মসূচির শেষ দিকে জেলা বিএনপির সদস্য সচিব এম এ মজিদ বক্তব্য দেওয়ার সময় সদর থানার ওসি মিজানুর রহমান কর্মসূচিতে বাধা দেন এবং ব্যানার ছিনিয়ে নেন।

সুনামগঞ্জ : একই দাবিতে পুলিশ ব্যারিকেডে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। গতকাল দুপুর ১২টায় শহরের পুরনো বাসস্টেশন এলাকায় নেতাকর্মীরা মানববন্ধনে দাঁড়ালে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে। পরে পুলিশ ব্যারিকেডের মধ্যেই কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

নাটোর : পানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা বিএনপি মানববন্ধন করেছে। সোমবার শহরের পশ্চিম বাইপাস বেলঘড়িয়া এলাকায় দলটির নেতাকর্মী ও সমর্থকরা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিলও করেছেন।

হবিগঞ্জ : খালেদা জিয়ার মুক্তি এবং বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা বিএনপি। শহরের শায়েস্তানগরে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ‘সীমাহীন দুর্নীতি আর লুটপাটের কারণে সরকার অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। ব্যাংকে টাকা নেই, শেয়ারবাজারে টাকা নেই। তাই বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল বাড়িয়ে জনগণের টাকা শোষণ করা হচ্ছে।’