মাটিরাঙ্গায় বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে নিহত ৪

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গ্রামবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষে চারজন নিহতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাজীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বিজিবির সিপাহি শাওন, আলুটিলা বটতলী গ্রামের সাহাব মিয়া (৭০), তার ছেলে মো.আলী আকবর এবং একই এলাকার মফিজ মিয়া।

নিজের স্বামী ও সন্তানের মৃত্যু সংবাদ শুনে সাহাব মিয়ার স্ত্রী রঞ্জু বেগম হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

নিহত সাহাব মিয়ার মেয়ে নিলুফা বেগম এবং এলাকাবসী জানান, বিদ্যুতের লাইন যাওয়ার কারণে তারা বেশ কিছু দিন আগে একটি গাছ কেটে রাখেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে টুকরা গাছ গাজিনগর বাজার স মিলে নেয়ার সময় বিজিবি বাধা দেয়। এসময় বিজিবির সঙ্গে নিহত সাহাব মিয়া ও তার দুই ছেলের তর্ক শুরু হয়। তর্কাতর্কির এক পর্যায়ে সংঘর্ষ বাধে।

এ বিষয়ে এখন পর্যন্ত বিজিবির বক্তব্য পাওয়া যায়নি।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দিন ভুঁইয়া সংঘর্ষে চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহত বিজিবি সদস্যসহ দুজনের মরদেহ হাসপাতালে রয়েছে। অন্য দুজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

৩টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান, খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মো. আব্দুল আজিজ, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সারাহ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান।