জে কে রাউলিংয়ের লেখা কল্পকাহিনী সিরিজ ‘হ্যারি পটার’ একই নামে চলচ্চিত্র আকারে বড় পর্দায় উপভোগ করেছেন বিশ্বের কোটি কোটি দর্শক। ২০০১-১১ সাল পর্যন্ত ১০ বছর ধরে আট সিনেমায় ড্যানিয়েল র্যাডক্লিফ অভিনয় করেন হ্যারি পটার চরিত্রে। হ্যারি পটারের স্পিন অব ফ্রাঞ্চাইজি ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম’ মুক্তি পায় ২০১৬ সালে। দুই বছর পর এরপরের পর্ব আসে ‘ফ্যান্টাস্টিক বিস্টস : দ্য ক্রাইমস অব গ্রিনডেলওয়াল্ড’। এই ফ্রাঞ্চাইজির তৃতীয় পর্ব আসবে ২০২১ সালের নভেম্বর মাসে। ড্যানিয়েল র্যাডক্লিফ নেই নতুন ফ্যান্টাসি সিরিজে। তাকে ছাড়া কেমন হচ্ছে সিনেমাগুলো? ড্যানিয়েলের উত্তর, ‘ভালোই হচ্ছে’। ‘ফ্যান্টাস্টিক বিস্টস’-এ আবার হ্যারি পটার চরিত্রে ফিরবেন কি না এমন প্রশ্নের উত্তরে র্যাডক্লিফ বলেন, আমি এমনটা চিন্তা করি না। আমি ‘না’ বলতে পছন্দ করি না, কিন্তু এটা এমন কিছু নয়, যা করার জন্য আমি মুখিয়ে আছি। আমার মনে হচ্ছে, সিনেমাগুলোর যাত্রা শুরু করেছে এবং আমাদের ছাড়া ভালোই করছে। এটা এভাবে চলতে দেখেই আমি খুশি।’ ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম’-এর গল্পও লিখেছেন জে কে রাউলিং। ফ্রাঞ্চাইজিটির তৃতীয় পর্বের নামকরণ হয়নি এখনো। এই পর্বের কাহিনীর প্রেক্ষাপটে থাকবে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহর। এতে অভিনয় করছেন জুডি ল, জনি ডেপ, এজরা মিলার, অ্যালিসন সুডল, ড্যান ফগলার ও ক্যাথরিন ওয়াটারস্টন।