বাংলাদেশের বিদ্যুৎ খাত উন্নয়নে প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা (২০ কোটি ডলার) ঋণ অনুমোদন দিয়েছে এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ ঋণ অনুমোদনের কথা জানিয়েছে ব্যাংকটি।
এতে বলা হয়, সঞ্চালন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে ঢাকা ও দেশের পশ্চিমাঞ্চলের আরও বেশি মানুষকে বিদ্যুতের আওতায় আনার পাশাপাশি সেবার মানোন্নয়ন ঘটাতে এই অর্থ ব্যয় করা হবে। ঢাকা অ্যান্ড ওয়েস্টার্ন জোন ট্রান্সমিশন গ্রিড এক্সপানশন প্রজেক্টের আওতায় ২০২৫ সালের মধ্যে বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা ৭ হাজার ৪৪০ মেগাভোল্ট-অ্যাম্পিয়ার বাড়ানো হবে। সঙ্গে বছরে বিদ্যুৎ বিভ্রাটের সংখ্যা ৬০ থেকে ১৫টি এবং সরবরাহ ঘাটতি ২ দশমিক ৭৬ শতাংশ থেকে ২ দশমিক ৫০ শতাংশে নামিয়ে আনার আশা করা হচ্ছে।
পরিবেশের ওপর ইতিবাচক প্রভাবের বিষয় মাথায় রেখে প্রকল্পের আওতায় ৪০৮ কিলোমিটার সঞ্চালন লাইন স্থাপন করা হবে, যেখান থেকে বার্ষিক কার্বন নিঃসরণের পরিমাণ কমে ৪ লাখ ৫৫ হাজার ৭৮৫ টনে নেমে আসবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এআইআইবি’র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা ডিজে পান্ডিয়ান জানান, মূলত সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও আধুনিক জ্বালানি ব্যবস্থা নিশ্চিতে তারা প্রয়োজনীয় অবকাঠামোতে বিনিয়োগ করে থাকেন। প্রকল্পটি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিদ্যুৎ খাতকে সহায়তা করবে। গ্রিডকে আরও জলবায়ু সহনীয় করে তুলবে। এই প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়ন রয়েছে বলেও জানান তিনি। চীনের নেতৃত্বে গড়ে ওঠা এআইআইবি আগেও বাংলাদেশের বিদ্যুৎ খাতের অবকাঠামো উন্নয়নে ঋণ দিয়েছে।