ঝটিকা সফরে কোক বস

মানবসমাজের উন্নয়ন হলে ব্যবসা বাড়বে

বিশ্বখ্যাত কোমলপানীয় ব্র্যান্ড কোকা-কোলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও চেয়ারম্যান জেমস কোয়েন্সির বাংলাদেশ সফর শেষ হয়েছে পা ফেলার তিন ঘণ্টার মধ্যে। সংবাদ সম্মেলনে হাজির হন ১০ মিনিটের জন্য। এই সময়ই বাংলাদেশে কোকা-কোলার বিনিয়োগ ভাবনা তুলে ধরে বলেন, আগামী পাঁচ বছরে বাংলাদেশে ১৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি। তুলে ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে নারীর আর্থ-সামাজিক উন্নয়ন ও তার প্রয়োজনীয়তার কথা, প্রশংসা করেন বাংলাদেশের উন্নয়নের। বিশ্বের অন্যতম বৃহৎ এই কোম্পানির এক নম্বর কর্মকর্তার সংবাদ সম্মেলন শেষ হয় মুহূর্তের মধ্যেই, তার পরপরই বাংলাদেশ ছাড়েন তিনি।

গতকাল বেলা ১২টার পরপর ঢাকা নামেন জেমস কোয়েন্সি। সংবাদ সম্মেলনে অংশ নিতে ঢাকার র‌্যাডিসন হোটেলে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান উপস্থিত কর্মকর্তা ও নারী উদ্যোক্তারা। সাড়ে ১২টার দিকে শুভেচ্ছা বক্তব্য দিতে মঞ্চে ওঠেন কোয়েন্সি। সংক্ষিপ্ত বক্তব্যের পর কোকা-কোলার আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রকল্প (উইমেন বিজনেস সেন্টার) ডব্লিউবিসির আওতাধীন এলাকা খুলনা থেকে আসা এক নারীর স্বাবলম্বী হওয়ার গল্প শোনেন। তারপর ঢাকা ছাড়েন তিনি।

কোয়েন্সি বলেন, ‘আমাদের বিশ্বাস, আমাদের ব্যবসা ঠিক ততটুকু টেকসই, যতটুকু আমাদের জনসমাজ ও পারিপার্শ্বিক পরিমণ্ডল টেকসই। এর অর্থ হলো আমাদের ব্যবসার টেকসই উন্নয়ন তখনই সম্ভব হবে, যখন আমাদের চারপাশের মানুষ ও মানবসমাজের উন্নয়ন সম্ভব হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে এবং বাংলাদেশের জন্য ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে বিনিয়োগকে আমরা নিজেদের জন্য বড় সুযোগ হিসেবে দেখি। একই সঙ্গে আমরা প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বাংলাদেশের উন্নতিকেও স্বীকৃতি দিই।’

তিনি আরও বলেন, গত পাঁচ বছরে ৮৫০ কোটি টাকার বিনিয়োগ করেছে কোকা-কোলা। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ১৭০০ কোটি টাকা (২০ কোটি ডলার) বিনিয়োগের পরিকল্পনা রয়েছে কোকা-কোলার। ২০২০ সালের মধ্যে বাংলাদেশের এক লাখ নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার কথাও বলেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোকা-কোলা কোম্পানির ইন্ডিয়া ও সাউথ-ওয়েস্ট এশিয়ার প্রেসিডেন্ট টি. কৃষ্ণকুমার, জেমস কোয়েন্সির নির্বাহী সহকারী স্টেসি লিন অ্যাপটার, কোকা-কোলার এশিয়া প্যাসিফিক অঞ্চলের চিপ মার্কেটিং অফিসার ও গ্রুপ প্রেসিডেন্ট ম্যানুয়েল মানোলো আরোয়ো, এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডেপুটি গ্রুপ প্রেসিডেন্ট ও বোটলিং ইনভেস্টমেন্টস গ্রুপের প্রেসিডেন্ট মার্সেলো বফি, দক্ষিণ-পশ্চিম এশিয়ার অপারেশনসের ভাইস প্রেসিডেন্ট সন্দীপ বাজোরিয়া, ইন্ডিয়া ও সাউথ-ওয়েস্ট এশিয়ার পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনসের ভাইস প্রেসিডেন্ট ইশতিয়াক আমজাদ এবং কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অজয় বাতিজা।