রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের নাম পরিবর্তন হচ্ছে না। গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত সভায় শিক্ষক-শিক্ষার্থী উভয়পক্ষের বক্তব্য শোনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন নাম পরিবর্তন না করার সিদ্ধান্ত নেয়। তবে পিএসসিতে বিভাগের কোড অন্তর্ভুক্তিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়।
এর আগে এক মাসেরও বেশি সময় ধরে বিভাগটির নাম ফলিত পরিসংখ্যান করার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগের নাম পরিবর্তনের যৌক্তিকতা সংক্রান্ত জরুরি সভা আহ্বান করে। তবে সভার সিদ্ধান্তে সন্তুষ্ট নন শিক্ষার্থীরা। সভা শেষে তারা জানান, বিভাগের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা।