ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে যেসব অনিয়ম হয়েছে তা তুলে ধরে ফল বাতিল এবং নতুন করে ভোটের দাবি জানিয়ে মামলা করেছেন এই নির্বাচনে পরাজিত বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। গতকাল মঙ্গলবার ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক উৎপল ভট্টাচার্যের আদালতে তিনি এ মামলা করেন। নির্বাচন সুষ্ঠু হয়নি এমন অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, রিটার্নিং কর্মকর্তা, আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসসহ ৮ জনকে মামলায় বিবাদী করা হয়েছে।
মামলা দায়েরের পর ইশরাকের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার উপস্থিত সাংবাদিকদের বলেন, গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে ব্যাপক অনিয়ম ও ভোট কারচুপি হয়েছে। আমরা এ নির্বাচন বাতিল চেয়ে নতুন করে নির্বাচন আয়োজনের জন্য মামলা করেছি।
এর আগে গত সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালও ভোটের ফল বাতিল চেয়ে মামলা করেন। এবার ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থী জয়ী হন। ইতিমধ্যে তারা শপথও নিয়েছেন।