মুজিববর্ষে সংসদের বিশেষ অধিবেশনে যা থাকছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ২২ ও ২৩ মার্চ সংসদে বিশেষ অধিবেশন বসবে। এ ছাড়া ১৯ মার্চ শিশু দিবস উপলক্ষে শিশুদের নিয়ে মুজিববর্ষের অনুষ্ঠান শুরু করবে জাতীয় সংসদ। ২২ মার্চ বিশেষ অধিবেশন শুরুর আগে ধানমণ্ডি ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন

সংসদ সদস্যরা। এরপর সংসদের বিশেষ এ অধিবেশনে যোগ দেবেন তারা। গত ৯ জানুয়ারি সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদের কার্যউপদেষ্টা কমিটির ষষ্ঠ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ অধিবেশনে তার কর্মময় ও সংগ্রামী জীবন, তার গৃহীত নানা পদক্ষেপ, তার সময়ে সংসদে যেসব আইন প্রণয়নসহ বড় বড় সিদ্ধান্ত এসেছিল তা তুলে ধরা হবে। সব মিলিয়ে বঙ্গবন্ধুর পুরো কর্মময় জীবন ও অর্জন সবই আলোচনা হবে দুই দিনের বিশেষ অধিবেশনে। গত ১২ ফেব্রুয়ারি সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত অন্য এক বৈঠকে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জানান, মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত বিশেষ অধিবেশনে একজন বিশ্বখ্যাত ব্যক্তিত্বকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধুর সঙ্গে যোগাযোগ ছিল এমন কোনো বিদেশি নেতাকে ওই অধিবেশনে বক্তব্য দিতে আমন্ত্রণ জানানো হবে। এজন্য ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এ ছাড়া ওই অধিবেশন দেখার জন্য বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হবে।