ভারতের প্রধান নির্বাচক হতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার সুনীল যোশি। তিনি এমএসকে প্রসাদের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। যোশি ২০১৭ সাল থেকে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচের দায়িত্বে ছিলেন।
সাবেক ক্রিকেটার মদনলালের নেতৃত্বে বাছাই কমিটি দীর্ঘ প্রক্রিয়ায় ১৫ টেস্ট ও ৬৯টি ওয়ানডে খেলা যোশিকে বেছে নিয়েছে। তার সঙ্গে হরবিন্দর সিংকে নির্বাচক করা হয়েছে। এ দুজনের সঙ্গে থাকবেন আগেই নিয়োগপ্রাপ্ত যতিন পরাঞ্জপে, গগন খোড়া ও সরণদীপ সিং।
৪৯ বছর বয়সী যোশি ১৫টি টেস্ট, ৬৯ টি ওয়ানডে খেলেছেন। বাঁ-হাতি স্পিনার টেস্ট ও একদিনের ক্রিকেটে নিয়েছেন যথাক্রমে ৪১ ও ৬৯ উইকেট।
টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে এক বার করে ইনিংসে পাঁচ উইকেট রয়েছে যোশির। এর মধ্যে একদিনের ক্রিকেটে মাত্র ৬ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। টেস্ট-একদিনের ক্রিকেটের পাশাপাশি ১৬০ প্রথম শ্রেণির ম্যাচ ও ১৬৩ লিস্ট এ ম্যাচ খেলেছেন তিনি।
২০০০ সালে শেষ টেস্ট খেলেছিলেন যোশি। শেষ একদিনের ম্যাচ খেলেন ২০০১ সালে।
অন্যদিকে গগন খোদার জায়গায় নির্বাচকমণ্ডলীতে আসা হরবিন্দর সিং জাতীয় দলের হয়ে তিনটি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন। প্রাক্তন পেসার দুই ফরম্যাটে নিয়েছেন যথাক্রমে ৪ ও ২৪ উইকেট।