শিশুর জন্য ফার্স্ট এইড

বিপদ কখনো জানিয়ে আসে না। পরিবারের যেকোনো সদস্য যেকোনো সময় অসুস্থ হয়ে পড়তে পারে। শিশুদের জন্য প্রয়োজন হয় বাড়তি সতর্কতা। খেলাধুলা করতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পাওয়া, বমি করা, পেটে ব্যথা হওয়া ইত্যাদি সমস্যা যেকোনো সময় হতে পারে। তাই বাড়িতে ফার্স্ট এইড বক্স রাখা অত্যন্ত জরুরি। বক্সে কী কী জিনিস রাখা উচিত জেনে রাখা দরকার

ওষুধপত্র

জ্বর, পেট ব্যথা, বমি বা গ্যাসের সমস্যার জন্য প্রয়োজনীয় ওষুধপত্র অবশ্যই বক্সে রাখুন। ব্যথা পেলে বা কেটে গেলে, হঠাৎ পোকার কামড় থেকে জ্বালা-পোড়া অনুভূত হলে তার জন্য রাখা যায় অ্যান্টিবায়োটিক লোশন বা অয়েন্টমেন্ট। শিশুর জন্য যদি চিকিৎসক নির্দিষ্ট কোনো ওষুধের কথা বলে থাকেন, অবশ্যই সেটি বক্সে রাখতে হবে। ওআরএস সলিউশন পাউডার, হজমের ওষুধ, কাটা জায়গা পরিষ্কার করার জন্য অ্যান্টি-সেপটিক লিকুইড, জরুরি হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি বক্সে গুছিয়ে রাখুন।

অন্যান্য জিনিসপত্র

তুলো, স্টেরাইল গজ, ব্যান্ডেজ, লিউকোপ্লাস্ট বা মেডিকেল টেপ, নানা আকারের ব্যান্ড এড, অ্যান্টি-সেপটিক প্যাড ইত্যাদি রাখতে হবে ফার্স্ট এইড বক্সে। এ ছাড়া কাঁচি, থার্মোমিটার, পেপার নাইফ, স্টেরাইল গ্লাভস রাখুন বক্সে।

দুর্ঘটনা ঘটলে দ্রুত প্রাথমিক চিকিৎসা করিয়ে নিন। অবশ্যই নিজের হাত স্যানিটাইজ করতে ভুলবেন না। ফার্স্ট এইড বক্স হাতের নাগালেই রাখতে হবে, যেন সহজে খুঁজে পাওয়া যায়। তবে শিশুর নাগালের বাইরে রাখুন যেন হুট করে কোনো ওষুধ খেয়ে নেওয়া বা ধারালো জিনিস ধরে ব্যথা না পায়। শিশুকে ভালো করে বুঝিয়ে দিন বাসায় যদি কেউ না থাকে এবং সে ব্যথা পায়, তখন কীভাবে বক্স ব্যবহার করতে হবে।