নিজ ঘরে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা-পল্টন গ্রামে নিজ বাড়িতে ঢুকে শ্রাবণী রানী রায় (১৫) নামের এক স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সন্ধ্যায় ওই ছাত্রীর রক্তাক্ত মরদেহ বাড়ির বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত শ্রাবণী রানী আকচা-পল্টন গ্রামের ভবেশ রায়ের মেয়ে। সে শহরের সি এম আইয়ুব বালিকা উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।  এলাকাবাসীর বরাত দিয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, বুধবার সকালে শ্রাবণীর বাবা ও মা বাড়ির বাইরে যান। শ্রাবণী ও তার দাদা নিরমোহন পাশাপাশি দুটি কক্ষে অবস্থান করছিলেন। সন্ধ্যায় ওই বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে শ্রাবণীর গলা কেটে পালিয়ে যায়। এ সময় শ্রাবণীর বৃদ্ধ দাদা দেখে ফেললেও দুর্বৃত্তদের চিনতে পারেননি। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে থানায় খবর দেয়। শ্রাবণীর দাদা নিরমোহন বলেন, বাড়িতে কখন কে ঢুকেছিল তা তিনি বলতে পারেন না। তবে তার নাতনিকে হত্যার পর একজনকে পালিয়ে যেতে দেখেছেন।

ওই গ্রামের বাসিন্দা দিলিপ কুমার সিংহ বলেন, হত্যাকাণ্ডের সময় কোনো শব্দ বা চিৎকার তারা শোনেননি। শ্রাবণীর এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও পুরো এলাকায়। এ ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। শ্রাবণীর হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন স্থানীয়রা।