ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি (সহসভাপতি) নুরুল হক নুরকে তিন দিনের মধ্যে পাসপোর্ট দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নুরের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ এ আদেশ দেয়।
আদেশের অনুলিপি হাতে পাওয়ার তিন দিনের মধ্যে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) নির্দেশটি কার্যকর করতে বলেছে হাইকোর্ট। আদালতে নুরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহিয়া দুলাল।
পরে আবু ইয়াহিয়া দুলাল দেশ রূপান্তরকে বলেন, ‘ভিপি নুর ও তার কয়েকজন সহকর্মী একসঙ্গে জরুরি পাসপোর্টের আবেদন করেছিলেন। অন্যরা পেলেও তিনি এখনো পাসপোর্ট পাননি। এ সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানিতে হাইকোর্ট আদেশের অনুলিপি পাওয়ার তিন দিনের মধ্যে নুরকে পাসপোর্ট দিতে বলেছে।’
সংশ্লিষ্টরা জানান, চিকিৎসার জন্য বিদেশে যেতে গত বছর ২৩ এপ্রিল পাসপোর্টের আবেদন করেও নির্ধারিত সময়ে পাননি নুর। পরে স্বরাষ্ট্র সচিব ও পাসপোর্ট অধিদপ্তরের ডিজিকে আইনি নোটিস পাঠান। এতেও সাড়া না পেয়ে গত বছর ১ আগস্ট হাইকোর্টে রিট করেন তিনি।
রিটের পর নুর সাংবাদিকদের বলেছিলেন, ‘ভিপি নির্বাচিত হওয়ার পর আমি বেশ কয়েকবার ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় আহত হই। এরপর চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য আমাকে বিদেশ যাওয়ার পরামর্শ দেন। এজন্য গত বছর ২৩ এপ্রিল জরুরি পাসপোর্ট করার আবেদন করি। ২ মে সেটি দেওয়ার কথা থাকলেও, দীর্ঘদিন ঝুলিয়ে রাখা হয়েছে।’
রিটের ওপর প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট নুরকে কেন জরুরি ভিত্তিতে পাসপোর্ট দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে। গতকাল এ রুলের চূড়ান্ত শুনানিতে হাইকোর্ট তাকে পাসপোর্ট দেওয়ার আদেশ দিল।