সংসদীয় কমিটির সুপারিশ

চাকরির মেয়াদ ৪ বছর না থাকলে বিদেশে প্রশিক্ষণ নয়

সরকারি কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণে পাঠানোর ক্ষেত্রে অবসরের ন্যূনতম চার বছর থাকার শর্ত যুক্ত করার সুপারিশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বুধবার সংসদ ভবনে কমিটির ১১তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিদেশে প্রশিক্ষণের অভিজ্ঞতা যাতে কর্মক্ষেত্রে কাজে লাগে, সে জন্য এই সুপারিশ করা হয়েছে। এ ছাড়া পাঁচতারকা হোটেলে গান পরিবেশনকারী শিল্পীরা যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করেছে কমিটি।

বৈঠকে জানানো হয়, বিশ্বের মানচিত্রে কক্সবাজারকে অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এবং প্রতিবেশী দেশ ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, চীনের কুনমিংয়ের সঙ্গে আকাশপথে যোগাযোগব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতের কাজ চলমান রয়েছে। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাইভেট ও কমার্শিয়াল এয়ারক্রাফট পার্কিং সুবিধা বৃদ্ধি, বৈরী আবহাওয়ায় পার্কিং এয়ারক্রাফটগুলোর শেল্টার সুবিধা এবং এয়ারক্রাফটগুলোর রুটিন সার্ভিসিং ও মেরামতকাজের সুবিধা সৃষ্টির জন্য জেনারেল এভিয়েশন হ্যাঙ্গার অ্যাপ্রোন নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

এ ছাড়া বিগত বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বা সুপারিশগুলোর বাস্তবায়ন অগ্রগতি, বেসমরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষ কর্র্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর অগ্রগতি এবং মুজিববর্ষ উদযাপন প্রস্তুতির অগ্রগতি বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বেসমরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, আশেক উল্লাহ রফিক এবং সৈয়দা রুবিনা আক্তার অংশ নেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।নিজস্ব প্রতিবেদক