পিরোজপুরের জজ বদলি কেন বেআইনি নয় : হাইকোর্ট

পিরোজপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সাংসদ এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের জামিনে নাটকীয়তায় জেলা ও দায়রা জজ মো. আবদুল মান্নানকে তাৎক্ষণিক বদলি নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। তাকে বদলি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশ কেন বেআইনি ও আইনগত কর্র্তৃত্ববহির্ভূত হবে না তা জানতে চেয়ে স্বতঃপ্রণোদিত হয়ে রুল দিয়েছে আদালত। গণমাধ্যমে আসা এ সংক্রান্ত প্রতিবেদন কয়েকজন আইনজীবী গতকাল বুধবার আদালতের নজরে আনলে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়। আইন মন্ত্রণালয়ের সচিব ও উপসচিবকে (প্রশাসনিক-১) দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ১১ মার্চ দিন ধার্য করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী এম আবদুল কাইয়ুম ও ইউনুছ আলী আকন্দ বিষয়টি হাইকোর্টের নজরে আনেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত। ওই দুই আইনজীবী ছাড়াও হাইকোর্টের আরও দুটি পৃথক বেঞ্চে বিষয়টি নজরে আনেন একাধিক আইনজীবী। এর মধ্যে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত বেঞ্চে বিষয়টি নজরে এনে নির্দেশনা চেয়েছিলেন আইনজীবী শিশির মনির। আদালত এ সময় এ বিষয়টি প্রধান বিচারপতির নজরে আনতে পরামর্শ দেয়। এছাড়া আইনজীবী সৈয়দ সায়্যেদুল হক সুমন পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নজরে এনে এ বিষয়ে হাইকোর্টের হস্তক্ষেপ চান। হাইকোর্ট তাকে এ বিষয়ে রিট আবেদন করতে বলে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গত মঙ্গলবার (৩ মার্চ) আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনকে কারাগারে পাঠানো আদেশ দেন পিরোজপুর দায়রা আদালতের বিচারক আবদুল মান্নান। কিন্তু এ আদেশের পর পিরোজপুর জেলা আইনজীবী সমিতির একাংশ তাৎক্ষণিক বিক্ষোভ করে। পাশাপাশি আউয়ালের সমর্থকরা বিক্ষোভ, সড়ক অবরোধ করে। বেলা সোয়া ৩টায় বিচারক আবদুল মান্নানকে সেখান থেকে তাৎক্ষণিক বদলি করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। আইন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসনিক-১) শেখ গোলাম মাহাবুব স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। পরে বিকেলে পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের দায়িত্ব পান যুগ্ম জেলা জজ নাহিদ নাসরিন। বিকেল পৌনে ৪টার দিকে আউয়াল ও লায়লা পারভীনের আইনজীবীরা ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নাহিদ নাসরিনের কাছে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিকেল ৪টার দিকে বিচারক বন্ডের মাধ্যমে ২০ হাজার টাকা করে নিয়ে তাদের দুই মাসের জামিন দেন।