পঞ্চগড়ের বোদা উপজেলার মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম নগরে ইজতেমা মাঠ থেকে মোস্তফা কামাল (২২) নামে এক রোহিঙ্গা তরুণকে আটক করে পুলিশে দিয়েছে একটি গোয়েন্দা সংস্থা।
গত বুধবার বিকেলে ইজতেমা মাঠে ওই তরুণ অসংলগ্ন কথাবার্তা বলায় তাকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। পরে ওই তরুণ নিজের পরিচয় স্বীকার করলে তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে ওই তরুণ জানায়, কক্সবাজার জেলার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১২তে থাকত মোস্তফা কামাল। তার বাবার নাম কাশেমি। মিয়ানমারের মংরায় বাড়ি ছিল তাদের। ক্যাম্প থেকে গত ৬ ফেব্রুয়ারি পালিয়ে সে উখিয়ার ৫ জনের একটি তাবলিগ জামাতের সঙ্গে ঢাকায় আসে। ঢাকা থেকে একটি দলের সঙ্গে ১০ ফেব্রুয়ারি পঞ্চগড়ে আসে। তারপর পঞ্চগড়ের বিভিন্ন মসজিদ ঘুরে বুধবার সকালে মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম নগরে তিন দিনব্যাপী ইজতেমায় যোগ দেয়। বিকেলে ইজতেমা মাঠে মোস্তফা কামালের কথাবার্তা অসংলগ্ন দেখে গোয়েন্দা সংস্থার এক সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে সে নিজের পরিচয় স্বীকার করে।