চাঁদপুরে শিক্ষামন্ত্রী

নতুন কারিকুলামে দশম শ্রেণি পর্যন্ত কোনো বিভাগ থাকবে না

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন যে কারিকুলাম হচ্ছে এতে দশম শ্রেণি পর্যন্ত ভিন্ন কোনো বিভাগ থাকবে না। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সে অনুয়ায়ী কারিকুলাম পরিমার্জন কাজ চলছে। নতুন কারিকুলাম যখন থেকে বাস্তবায়িত হবে তখন থেকে একাদশ শ্রেণির আগে আর কোনো বিভাগ থাকবে না। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, নোট বই, গাইড বই যেগুলো চলার কথা নয়, সেগুলো আর থাকবে না। এগুলো কেনার জন্য কোনো শিক্ষার্থীকে চাপ প্রয়োগ করা যাবে না।

এর আগে তিনি পুরানবাজার ডিগ্রি কলেজ ও চাঁদপুর সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।