স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় মামা গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ ঘরে স্কুলছাত্রী শ্রাবণী রানী রায়কে (১৫) গলা কেটে হত্যার অভিযোগে তার সৎ মামাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে শহরের বরুনাগাঁও আশ্রমপাড়া এলাকার মাখনের আমবাগান থেকে সোহাগ বর্মণকে (১৮) আটক করা হয়। সোহাগ সদর উপজেলার জগন্নাথপুরের চব্বিশ টিউবওয়েল এলাকার ধীরেণ বর্মণের ছেলে ।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে শ্রাবণীর বাবা ভবেশ চন্দ্র বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় সোহাগ বর্মণসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করে। ওই মামলায় সোহাগ বর্মণকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিস্তারিত সবকিছু পরে সংবাদ সম্মেলন করে জানানো হবে।

গত বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা-পল্টন গ্রামে নিজ ঘরে ধারালো অস্ত্রে শ্রাবণী রানীকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর শ্রাবণীর দাদার চিৎকার শুনে ঘটনাস্থলে জড়ো হয় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে বাড়ির বারান্দা থেকে নিহতের লাশ উদ্ধার করে। শ্রাবণী রানী ঠাকুরগাঁও সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

হত্যাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন : শ্রাবণীকে গলা কেটে হত্যার ঘটনায় ‘হত্যাকারীর’ কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও-রুহিয়া সড়কের পল্টন বাজার এলাকায় ওই কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, নিহতের স্বজন ও স্থানীয়রা অংশ নেয়।