চাঁপাইনবাবগঞ্জে তথ্যমন্ত্রী

বিচারকের বদলি নিয়ে বিএনপির চেঁচামেচির কোনো অধিকার নেই

পিরোজপুরে বিচারকের বদলি নিয়ে বিএনপির চেঁচামেচির কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। গতকাল বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির আমলে রাতের আঁধারে একজন বিচারক নিজ বাড়িতে আদালত বসিয়েছিলেন। ল ডিগ্রি নেই এমন ব্যক্তিকেও বিচারক করা হয়েছিল।’ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি নেতাদের অনুরোধ করব, অনেক ভুল করেছেন; বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে মুজিববর্ষ পালন করুন। এতে আপনাদের পাপ খণ্ডাতে পারে। খালেদা জিয়াকে দুই বছর ধরে কারাগারে রেখে বিএনপি নেতারা ঘরে বসে ঘুমাচ্ছেন। তাদের দল থেকে পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য সাবেক এই স্বাস্থ্যমন্ত্রীর। নাসিম আরও বলেন, ‘আওয়ামী লীগ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। আইনের শাসনের ফলে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, জেল হত্যার বিচার হয়েছে। অথচ বিএনপি বিচারব্যবস্থাকে ভেঙে ফেলেছিল।’ জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দীন মণ্ডলের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আবারও মঈনুদ্দীন মণ্ডলকে সভাপতি ও আবদুল ওদুদকে সাধারণ সম্পাদক করে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।