ডিজিটাল আইনে মামলা

পাপিয়াকাণ্ডে এমপির নাম প্রচারে আ.লীগ নেতা জেলে

বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী পাপিয়ার সঙ্গে জড়িয়ে এমপির নাম ফেইসবুকে প্রচারের অভিযোগে কুষ্টিয়া আওয়ামী লীগ নেতা মোমিনুর রহমান মোমিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে শহরের নারকেলতলা এলাকা থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কুষ্টিয়া অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। মোমিজ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া থেকে প্রকাশিত ‘দেশের বাণীর’ প্রকাশক-সম্পাদক।

এর আগে বুধবার রাতে জহুরুল ইসলাম নামে এক ব্যক্তি মোমিজসহ পাঁচজনকে আসামি করে কুমারখালী থানায় মামলা করেন। পাপিয়ার সঙ্গে জড়িয়ে ফেইসবুকে প্রচার করা ২১ জনের একটি কথিত তালিকা ভোরের আলো নামক সাপ্তাহিকে প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছেন মামলার বাদী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ফেইসবুক আইডিধারী রবি রহমান, শিমুল আহমেদ, মোমিজ রহমান, শেখ নাঈম তাদের বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী পাপিয়ার সঙ্গে জড়িয়ে ২১ জনের একটি কথিত তালিকা ফেইসবুকে প্রচার করেছেন। ওই তালিকায় ১৪ নম্বরে কুষ্টিয়া-৪ আসনের সাংসদ সেলিম আলতাফ জর্জের নাম রয়েছে। ফেইসবুকে কথিত তালিকা সংযুক্ত করে লেখা হয়, ‘পাপিয়ার সঙ্গে কুষ্টিয়া-৪-এর সাংসদ সেলিম আলতাফ জর্জের সম্পর্ক কী? র‌্যাবের কাছে পাপিয়া যার যার নাম বলেছে, সেই লিস্টে সাংসদ জর্জের নাম ১৪ নম্বরে আছে। লিস্টের সবাই পাপিয়ার কাছে যাতায়াত করত।’ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মনগড়া ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে কার্যত সামাজিক, রাজনৈতিক ও পারিবারিকভাবে সাংসদ সেলিম আলতাফ জর্জের সম্মানহানি করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করেছেন বাদী।

মামলার তদন্তকারী কর্মকর্তা কুমারখালী থানার পরিদর্শক আবদুল আলীম জানান, সাংসদের নামে কুৎসা রটনার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার ৫ আসামির মধ্যে ৩ নম্বর আসামি মোমিজ রহমানকে গ্রেপ্তার করে কুষ্টিয়া অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। গতকাল বেলা আড়াইটার দিকে আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম মানিক বলেন, মোমিনুর রহমান মোমিজ কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, পরে জেলা আ.লীগের সদস্য হন। তবে সর্বশেষ প্রস্তাবিত নতুন কমিটিতে সদস্য হিসেবে তার নাম দেওয়া আছে, সেই নতুন কমিটি এখনো অনুমোদিত হয়ে আসেনি।