রাজধানীর বেইলি রোডে নিজ বাসা থেকে এক উপসচিবের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় অফিসার্স কোয়ার্টারের ১ নম্বর ভবনের তৃতীয় তলার একটি বাসা থেকে আবদুল কাদের চৌধুরী (৫৫) নামে ওই কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে জানা গেছে। ৫-৬ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। আবদুল কাদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্বরত ছিলেন।
প্রয়াতের ফুফাতো ভাই কামাল হোসেন সাংবাদিকদের জানান, আবদুল কাদের অবিবাহিত ছিলেন। কোয়ার্টারে একাই থাকতেন তিনি। দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন আবদুল কাদের। এক বছর আগে বারডেম হাসপাতালে ভর্তিও ছিলেন তিনি। ১৫ দিন আগে গ্রামের বাড়ি ভোলার শশীভূষণ থেকে ঢাকায় আসেন তিনি।
রমনা থানার এসআই মো. ইউনুস মোল্লা বলেন, ‘গত ৭-৮ দিন ধরে অফিসে অনুপস্থিত ছিলেন আবদুল কাদের। সহকর্মীরা যোগাযোগ করেও তাকে পাননি। বুধবার তার পাশের ফ্ল্যাটের লোকজন পচা গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। এরপর ঘটনাস্থল থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর লাশটি ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে কয়েক দিন আগেই মারা গেছেন তিনি। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে।’