করোনার ঝুঁকি থাকলেও স্থগিত ‘হচ্ছে না’ আইপিএল

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) নিয়ে ঝুঁকি থাকলেও যথা সময়ে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া তথা বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে শুক্রবার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সৌরভ জানাচ্ছেন, ২৯ মার্চ থেকেই শুরু হবে আসর। এ জন্য সব ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাসে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩০।

ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, যথা সময়ে আইপিএল শুরু করতে ‘সাবধানতার গাইডলাইন’ ঠিক করেছে ভারত। খেলোয়াড়, ফ্র্যাঞ্চাইজি, টিম হোটেল, সম্প্রচার কর্মী এবং প্রতিযোগিতার সঙ্গে যুক্ত সবার কাছে সেই গাইডলাইন পৌঁছে দেওয়া হবে।

কারো সঙ্গে হ্যান্ডশেক না করতে গাইডলাইনে পরামর্শ দেওয়া হয়েছে। নিজের ফোনে ছাড়া অন্যের ফোনে ছবি তুলতে নিষেধ করা হয়েছে।

২৯ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের। গত বার এই দুটি দলই ফাইনাল খেলেছিল।