বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কর্মসূচির অংশ হিসেবে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ উচ্চ আদালতের শতাধিক বিচারপতি। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। পরে প্রধান বিচারপতিসহ অন্য বিচারপতিরা ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় পঁচাত্তরের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এরপর প্রধান বিচারপতি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন ও স্বাক্ষর করেন।

এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা ও দায়রা জজ অমিত কুমার দেসহ স্থানীয় বিচারকরা উপস্থিত ছিলেন।