স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কম, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি ছোঁয়াচে রোগ। সবাই যদি এ রোগ বিষয়ে সতর্ক হয় এবং আমরা নিজেদের বাঁচিয়ে রাখতে পারি তাহলে আমাদের ভয় নেই। গতকাল শুক্রবার জেলার সাটুরিয়া উপজেলার দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনাভাইরাস সম্পর্কে সবাইকে সাবধান থাকতে হবে। যদি কোনো রোগী পাওয়া যায় সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করতে হবে। আক্রান্ত রোগীর কাছে যাওয়া যাবে না। ডাক্তার যেভাবে চিকিৎসা ও পরামর্শ দেবেন সেভাবে চলতে হবে।
দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মজিবর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলিনুর বক্স রতন, উপজেলা চেয়ারম্যান আবদুল মজিদ ফটো প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, ওসি মতিয়ার রহমান মিঞা, আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান প্রমুখ। স্বাস্থ্যমন্ত্রী এর আগে বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও দরগ্রাম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।