ক্রেতাকে হকারদের মারধর, ঠেকাতে গিয়ে কলেজছাত্র খুন

সিলেট নগরীর জিন্দাবাজারে ক্রেতাকে হকারদের মারধরের কবল থেকে রক্ষা করতে গিয়ে ছুরিকাঘাতে এক কলেজছাত্র প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত নজরুল ইসলাম মুন্না (২০) সিলেটের গোয়াইনঘাট উপজেলার বহর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি গোয়াইনঘাট সরকারি কলেজের বিএ (অনার্স) দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। গত বৃহস্পতিবার রাতে ছুরিকাঘাতে আহত হওয়ার পর তাকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসদের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় মুন্নার বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ছয়-সাতজনকে আসামি করে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলার ১ নম্বর আসামি হবিগঞ্জের মাধবপুর উপজেলার সিরাজুল হকের ছেলে দুলাল মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে।

কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া জানান, জিন্দাবাজার কৃষি ব্যাংকের সামনে ফুটপাতের হকারদের সঙ্গে একজন ক্রেতার ঝগড়া হয়। একপর্যায়ে হকাররা ওই ক্রেতাকে বেধড়ক মারধর করছিল। কলেজছাত্র মুন্না বিষয়টি দেখে এগিয়ে যান এবং মারধর না করতে বলেন। তখন হকাররা মুন্নাকেও মারধর শুরু করে। একপর্যায়ে মুন্নার পেটে ও পিঠে ছুরিকাঘাত করা হয়। এতে তার মৃত্যু হয়। ওসি আরও জানান, ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।