পৃথিবীর বিভিন্ন দেশের ১০০ কোটির বেশি অ্যান্ড্রয়েড ফোনে সিকিউরিটি আপডেট পাচ্ছে না। গ্রাহক নজরদারি প্রতিষ্ঠান ‘হুইচ?’ জানিয়েছে, এই ফোনগুলো মারাত্মক সাইবার আক্রমণের ঝুঁকিতে রয়েছে।
প্রতিষ্ঠানটি বলছে, প্রতি পাঁচটি ফোনের অন্তত দুটি গুগলের গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাচ্ছে না। যার কারণে ম্যালওয়্যারের ঝুঁকিতে রয়েছে সেগুলো।
গুগলের নিজস্ব তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েড ডিভাইসের প্রায় ৪০ শতাংশ ফোনে ৬.০ ভার্সন রয়েছে। হুইচের গবেষণায় বলা হয়েছে, কমপক্ষে ৭.০ ভার্সনের নিচে যে ফোন সেগুলোতে খুব সহজে ম্যালওয়্যার জাতীয় বিভিন্ন ক্ষতিকর সফটওয়্যার ঢোকানো যায়।
হুইচ বলছে, অ্যান্ড্রয়েড ফোনের বয়স কমপক্ষে দুই বছর হলে সতর্ক হওয়া প্রয়োজন। ফোনে নতুন ভার্সন আপডেট পাচ্ছে কি না, সেটি পরীক্ষার জন্য ফোন অথবা ট্যাবলেট থেকে সেটিংস অ্যাপে গিয়ে System > Advanced > System update প্রেস করতে হবে।
যদি ‘Android 7.0 Nougat’র আগের ভার্সন থাকে, তাহলে আপডেট করতে হবে।
যদি আপডেট করতে না পারেন, তবে ঝুঁকি জেনেই ফোন ব্যবহার করতে হবে।