চীন থেকে কারখানা বাংলাদেশে আনার চিন্তা জাপানের

কয়েকটি জাপানি প্রতিষ্ঠান চীন থেকে বাংলাদেশসহ অন্যান্য দেশে উৎপাদন সরিয়ে নেওয়ার কথা বিবেচনা করছে। রাজধানীর লেক শোর হোটেলে গতকাল কনভেয়ার লজিস্টিকস আয়োজিত জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (জেবিসিসিআই) দশম নেটওয়ার্কিং গেদারিংয়ে এই পর্যবেক্ষণ তুলে ধরে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের রাষ্ট্রদূত নওকি ইতো ও জেবিসিসিআই সভাপতি ইউজি অ্যান্ডো।

নওকি ইতো বলেন, জাপানি প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসা সম্প্রসারণে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। বর্তমানে বাংলাদেশে ৩১০ জাপানি প্রতিষ্ঠান কার্যক্রম চালাচ্ছে। তিনি বলেন, আমলাতন্ত্র, কর নীতিমালাসংক্রান্ত বিষয়গুলো সহজ করা হলে এবং সরকারি কর্মকর্তারা বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় আরও এগোলে এ সংখ্যা বাড়বে।

তিনি মনে করেন, মেগা প্রকল্পের জন্য ২০২০-২০২৪ বছর গুরুত্বপূর্ণ। কারণ এই সময়ের মধ্যে মেট্রোরেল, পদ্মা সেতু এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের মতো মেগা প্রকল্পগুলো শেষ হবে।

ইউজি অ্যান্ডো বলেন, কিছু জাপানি প্রতিষ্ঠান চীন থেকে বাংলাদেশসহ অন্যান্য দেশে তাদের উৎপাদন স্থানান্তরের বিষয়ে বিবেচনা করছে। এ জন্য সহায়ক কাঠামো গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরের জন্য লজিস্টিক সহায়ক কাঠামো পরিবেশ উন্নয়ন ও নিয়ম-কানুনের উন্নতির জন্য বাংলাদেশকে প্রস্তুতি নিতে হবে। এ সময় জেবিসিসিআইয়ের কোষাধ্যক্ষ হিদাকি ও সেক্রেটারি জেনারেল তারেক রফি ভূঁইয়া উপস্থিত ছিলেন।