বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাবন্দি রেখে শুধু মুজিববর্ষ নয় কোনো ‘বর্ষই’ সফল হবে না বলে মনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার রাজধানীতে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবিসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মির্জা ফখরুল। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে মুজিববর্ষ পালনের কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, ‘এটা একটা মশকারি, প্রহসন। কারণ খালেদা জিয়া যিনি গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন, গণতন্ত্রের জন্য দীর্ঘ নয় বছর সংগ্রাম করেছেন। তাকে কারাগারে রেখে কোনো বর্ষই সফল হবে না।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় আসছেন। তার সঙ্গে বিএনপির কোনো বৈঠক হবে কি না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এ বিষয়ে আমাদের সঙ্গে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি।’ মোদির আগমনের বিরোধিতার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আগেই পরিষ্কার করে বলেছি, আজ বাংলাদেশের যে অবস্থা, ভারতের এনআরসি নিয়ে দাঙ্গা হয়ে গেল, সেটার যে প্রভাব এখানে পড়েছে, তাতে তার (মোদির) এখানে আসাটা কতটুকু সমীচীন এটা তারাই বিচার করবেন।’ বিএনপি নির্বাচনে অংশ নেয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য- আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ তো কত কথাই বলবে। তারা তো জনগণের ম্যান্ডেট ছাড়া, ভোট ছাড়া, শুধু অস্ত্র দিয়ে ক্ষমতা দখল করে বসে আছে। স্বাভাবিকভাবেই তারা এ ধরনের কথাবার্তা বলবে, যাতে করে জনগণকে বিভ্রান্ত করার সুযোগ হয়। কিন্তু সেটাতে তারা সফল হয়নি। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে গণতন্ত্র ও গণতন্ত্রের মাতা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলনের অংশ হিসেবে। আমরা এই নির্বাচনে অত্যন্ত সিরিয়াস। প্রত্যেকটি নির্বাচনেই আমরা সিরিয়াসলি অংশগ্রহণ করার চেষ্টা করেছি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র। এটাকে কেন্দ্র করেই দীর্ঘকাল ধরে স্বাধীনতার দাবি উঠেছে, স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রাম হয়েছে। সুতরাং একজন ব্যক্তি বা একটা গোষ্ঠী-একটা দল স্বাধীনতার দাবিদার হতে পারে না। ঢাকা-১০ আসনে বিএনপির প্রার্থী শেখ রবির বিষয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের প্রার্থী গণতান্ত্রিক সংগ্রামের একজন নেতা। তিনি ছাত্ররাজনীতি করেছেন, দীর্ঘকাল রাজনীতি করছেন। এলাকায় তিনি যথেষ্ট জনপ্রিয় নেতা। আমি বিশ্বাস করি তিনি নিজের মেধা প্রমাণ করে জনগণের ভোটে জয়ী হতে পারবেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুনসী বজলুল বাসিত আঞ্জু, দক্ষিণের সহসভাপতি নবী উল্লা নবী, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।