দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে দিনাজপুরের বিরলে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাস চালকসহ দুজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া মৌলভীবাজারের কমলগঞ্জে ড্রাইভিং শেখার প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নারীসহ ৩ জন আহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে:
দিনাজপুরে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ : দিনাজপুরের বিরলে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের তেঘরা হাড্ডিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার চককাঞ্চন নতুনপাড়া এলাকার প্রয়াত দেলোয়ার হোসেনের ছেলে মো. লাবু হোসেন (২৩) ও তেঘড়া শাহাপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে রাব্বি ইসলাম (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলযোগে স্থানীয় ধুকুরঝাড়ী বাজারের দিকে যাচ্ছিল ওই দুই যুবক। পথে তেঘরা হাড্ডিগ্রাম এলাকায় দ্রুতগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বিরল থানার ওসি শেখ নাসিম হাবিব দেশ রূপান্তরকে জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা অ্যাম্বুলেন্সটিতে অগ্নিসংযোগ করে ও সড়ক অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
শ্রীনগরে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২ : ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাস চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মাইক্রোবাসের ৬ যাত্রী। গতকাল শনিবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগরের পুরাতন ফেরিঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঞ্জয় কুমার জানান, আটজন যাত্রী নিয়ে মাওয়ার দিকে যাচ্ছিল মাইক্রোবাসটি। পথে ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে অন্য একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন মো. জাহিদ (৩২) । অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি। মাইক্রোবাস ও বাসটি পুলিশের হেফাজতে রয়েছে।
কমলগঞ্জে ড্রাইভিং শিখতে গিয়ে আহত ৩ : মৌলভীবাজারের কমলগঞ্জে ড্রাইভিং শেখার প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নারীসহ ৩ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১১টার দিকে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে। আহতরা বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, শনিবার সকালে বিদ্যালয়ের খেলার মাঠ প্রদক্ষিণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা লেগে প্রাইভেটকারটি উল্টে যায়। এতে দুই নারীসহ কারচালক আহত হন। পরে তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিয়ে যাওয়া হয়। এরপর তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।