রাজশাহীতে বউভাতের অনুষ্ঠান থেকে ফেরার সময় বর-কনেসহ দুটি নৌকা ডুবির ঘটনায় রবিবার আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নৌকা ডুবির ঘটনায় মোট ৮টি লাশ উদ্ধার হলো।
তবে, একে একে নিখোঁজ সবার লাশ উদ্ধার হলেও খোঁজ মেলেনি নববধূ সুইটি খাতুন পূর্ণির। তার সন্ধানে উদ্ধারকারীরা পদ্মা নদীতে অভিযান অব্যাহত রেখেছে।
ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএর ডুবুরি দলের সঙ্গে স্থানীয় মাঝিদের চেষ্টায় এদিন বনের ফুপাতো বোনের মেয়ে রুবাইয়া আক্তার স্বর্ণা ও খালা আঁখি খাতুনের লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার পদ্মার ওপারে পবা উপজেলার চরখিদিরপুর গ্রামের ইনসার আলীর ছেলে রুমন আলীর (২৬) সঙ্গে রাজশাহী শহর সংলগ্ন পবা উপজেলার ডাঙেরহাট গ্রামের শাহীন আলী মেয়ে সুইটি খাতুনের (২০) বিয়ে হয়।
শুক্রবার দুপুরের দিকে সুইটির আত্মীয়-স্বজনরা বর-কনেকে আনতে যায়। ফেরার পথে মাঝপদ্মায় নৌকা ডুবে যায়।
এ ঘটনায় শুক্রবার একটি, শনিবার ৫টি মরদেহ উদ্ধার করা হয়। এরা হলেন, কনের বড় বোন শাহীনুর বেগমের স্বামী রতন আলী (৩০), তাঁদের মেয়ে মরিয়ম খাতুন (৮), চাচা শামীম (৩৫), চাচি মিনরা বেগম (২৮), চাচাতো বোন রোশনি (৭) ও খালাতো ভাই এখলাস হোসেন (২২)।