সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব এলাকায় পুকুরের মাটি কেটে ইট ভাটায় বিক্রি করতে বাধা দেওয়ায় নারায়ণগঞ্জ জজকোর্টের অ্যাডভোকেটের ওপর হামলা ও গুলি বর্ষণ করেছে ছাত্রলীগ নামধারী কতিপয় যুবক। শনিবার রাতে পেরাব এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই আইনজীবী বাদী হয়ে তালতলা তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব এলাকায় নারায়ণগঞ্জ জজকোর্টের অ্যাডভোকেট খন্দকার মো. মিকাঈল তার ১২ বিঘা পুকুরে দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করে আসছেন । মাছ চাষের সুবিধার জন্য কয়েক দিন আগে তিনি পুকুরে খনন কাজ শুরু করেন। শনিবার রাতে জামপুর ইউনিয়নের পেরাব এলাকার ছাত্রলীগ নামধারী মো. রিয়েল মোল্লা, ফয়সাল, সালাউদ্দিন, ফারুক, ও মোহাম্মদ আলীসহ ৮-১০ জনের একটি দল পুকুরের মাটি তাদের দিয়ে দেওয়ার জন্য অ্যাডভোকেট খন্দকার মো. মিকাঈল কাছে দাবি করে। এতে আইনজীবী অস্বীকৃতি জানালে ছাত্রলীগ নামধারী ওই যুবকেরা মাটির বদলে আইনজীবীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় মো. রিয়েল মোল্লা ও ফয়সাল আইনজীবীকে মারধর করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এক পর্যায়ে আইনজীবীকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলিবর্ষণ করে। তবে গুলিতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় রাতেই তালতলা তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেন ওই আইনজীবী।
এ ব্যাপারে ছাত্রলীগ নামধারী রিয়েল ও ফয়সাল গুলি বর্ষণের কথা অস্বীকার করে বলেন জমির মালিক বিএনপি সমর্থক মিকাঈল। তার পুকুরের মাটি আমরা কিনতে চেয়েছি কিন্তু কোন চাঁদা চাইনি।
তালতলা ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, এ ঘটনায় আইনজীবী মিকাঈল নামের এক ব্যক্তি একটি অভিযোগ দায়ের করেছেন। আমি কয়েকটি ডাকাতির ঘটনা নিয়ে ব্যস্ত থাকায় এখন এ ব্যাপারে কোন পদক্ষেপ নিতে পারছি না। পরে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।