সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের অক্ষয়নগর থেকে হুরারকান্দা পর্যন্ত হাওরের ফসল রক্ষার নামে অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন অক্ষয়নগর গ্রামবাসী।
রোববার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন করেন তারা।
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, হাওরে ফসল রক্ষার নামে চলতি নদীর বাম তীরে কখনো বাঁধ নির্মাণ করা হয়নি। এখানে কোনো হাওর বা বোরো জমি নেই। কিছু আমন জমি রয়েছে। এবার হঠাৎ করেই এখানে ১৪টি প্রকল্প নিয়েছে সদর উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এতে ব্যয় ধরা হয় তিন কোটি ২২লাখ টাকা।
পরে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এসব প্রকল্পের কাজ বন্ধ করে দেয় পাউবো। বিষয়টি জেলা প্রশাসককেও জানানো হয়। একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। কিন্তু এক মাস কাজ বন্ধ থাকার পর এখন আবার রাতের অন্ধকারে এসব প্রকল্পের কাজ চলছে।
বক্তারা বলেন, এখানে বাঁধ হলে আমন জমি ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আটকে জলাবদ্ধতা সৃষ্টি হবে। এতে মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু প্রশাসন ও পাউবোর কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় কিছু লোক নিজেদের স্বার্থে এখানে বাঁধ দিচ্ছে। এতে সরকারের কোটি টাকা অপচয় হচ্ছে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন অক্ষয়নগর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আবদুর রউফ ও সোনাচান মিয়া, ফারুক মিয়া, উসমান আলী, সাজ্জাদুর রহমান পলিন প্রমুখ।
এ বিষয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, এখানে ১৪টি প্রকল্প ছিল। পরে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে আবার যাচাই-বাছাই করে বাস্তবতার নিরিখে এখন নয়টি প্রকল্পের কাজ হচ্ছে। এখন যে কাজগুলো হচ্ছে সেগুলো প্রয়োজনীয়, কোনো অপ্রয়োজনীয় প্রকল্প নেই।